ভোট-পরবর্তী সহিংসতায় পশ্চিমবঙ্গে নিহত ৪

প্রথম পাতা » আন্তর্জাতিক » ভোট-পরবর্তী সহিংসতায় পশ্চিমবঙ্গে নিহত ৪
বুধবার, ৬ মে ২০২৬



ভোট-পরবর্তী সহিংসতায় পশ্চিমবঙ্গে নিহত ৪

ভারতের পশ্চিমবঙ্গে ভোট-পরবর্তী সহিংসতায় ৪ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় সোমবার রাত থেকে মঙ্গলবার রাত পর্যন্ত বিভিন্ন স্থানে এসব সহিংসতায় এ ঘটনা ঘটে। নিহত চারজনের মধ্যে দুইজন তৃণমূল ও দুইজন বিজেপির কর্মী বলে জানা গেছে।

এ ছাড়া সংঘর্ষ থামাতে গিয়ে দুষ্কৃতকারীদের ছোড়া গুলিতে আহত হয়েছেন ন্যাজাট থানার ওসি ভরত প্রসূণ করসহ বেশ কয়েকজন।

গতকাল মঙ্গলবার সকালে কলকাতার বেলেঘাটা উত্তপ্ত হয়ে ওঠে তৃণমূলকর্মী বিশ্বজিৎ পট্টনায়কের (৪২) খুন হওয়ার ঘটনাকে কেন্দ্র করে। নিহতের পরিবারের অভিযোগ, সোমবার রাতে বাড়ি থেকে বের হওয়ার পরই দুষ্কৃতকারীরা তাকে আক্রমণ করে।

এ ছাড়া রাজারহাটের বালিগড়ি এলাকায় মধু মণ্ডল (৪৬) নামে একজন বিজেপি কর্মীকে হত্যা করা হয়। একই দিন বিকেল ৩টার দিকে বীরভূমের নানুরের সন্তোষপুর গ্রামে তৃণমূলের বুথ সভাপতি আবির শেখকে (৪০) গলা কেটে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

ভোটের ফল প্রকাশের রাতেই হাওড়ার উদয়নারায়ণপুরে যাদব কর (৪৫) নামে এক বিজেপি সমর্থককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। পরিবারের দাবি, জেতার আনন্দে পিকনিক করার সময়ে তার ওপর লাঠি নিয়ে হামলা চালানো হয়। ওই ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।

এসব মৃত্যুকে কেন্দ্র করে বিভিন্ন এলাকা উত্তপ্ত হয়ে ওঠে।
রাজ্যে পরিবর্তনের পরে বেশ কিছু এলাকায় সহিংসতা শুরু হয়। সংবাদ সম্মেলনে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ২০২১ সালের ভোটের ফল ঘোষণার পর রাজ্যে কোনো বড় ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড হয়নি। তিনি আরো প্রশ্ন তোলেন, এখন মানবাধিকার কমিশন, শিশু কমিশন, তফসিলি কমিশন এবং নারী কমিশন কোথায়?

অন্যদিকে বঙ্গ বিজেপি নেতৃত্ব জানায়, তারা রাজ্যে শান্তি চান। বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, প্রশাসনের উচিত কোনো ধরনের হিংসার ঘটনা ঘটলে দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়া।

গত সোমবার রাতে কলকাতার পুরসভা এলাকার লায়েলকা এলাকায় তৃণমূলের কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটে।
পাশের বিজয়গড় এলাকায় টালিগঞ্জ উন্নয়ন পরিষদের অফিসও ভাঙা হয়। বেহালায় সাবেক শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কার্যালয়েও ভাঙচুরের অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। হাওড়ার জগৎবল্লভপুরে তৃণমূলের কার্যালয়ে আগুন লাগানোর ঘটনাও ঘটে।

এদিকে গত মঙ্গলবার বর্ধমান শহরে সরকারি প্রকল্পের একটি ডিসপ্লে বোর্ড ভাঙার ঘটনা দেখা যায়। মন্তেশ্বরে এক তৃণমূল নেতাকে দোতলা থেকে ফেলে দেওয়ার অভিযোগের ভিডিওও সামনে এসেছে। এ ছাড়া পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে সোমবার রাতভর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ওঠে, এমনকি শ্লীলতাহানির অভিযোগও করা হয়েছে। বিজেপির দাবি, এসব ঘটনায় তৃণমূল-সমর্থিত দুষ্কৃতকারীরা এলাকায় আতঙ্ক সৃষ্টি করছে।

কলকাতার নিউমার্কেট, নিউ টাউন, ধর্মতলা থেকে বেলেঘাটা একাধিক এলাকায় তৃণমূলের পার্টি অফিস দখলের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। মঙ্গলবার সন্ধ্যায় নিউমার্কেটে তৃণমূলের হকার ইউনিয়নের অফিসে ভাঙচুরের অভিযোগও পাওয়া যায়। দক্ষিণ ২৪ পরগনার আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। উত্তর ২৪ পরগনার হাবরা ও অশোকনগর এলাকায় তৃণমূলের একাধিক পার্টি অফিস, কর্মী ও কাউন্সিলরের বাড়িতেও ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে অভিযোগ রয়েছে।

অন্যদিকে, বারাসতের সিরাজ উদ্যানে নতুন নামের ব্যানার টাঙিয়ে দেওয়া হয়েছে পাশাপাশি শহরের মসজিদবাড়ি রোডের তোরণের নামও পরিবর্তন করা হয়েছে। কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সামাজিক মাধ্যমে কিছু পুরনো ভিডিও এবং অন্য এলাকার ছবি পোস্ট করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এ ধরনের গুজব ছড়ানোর বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বীরভূম ও পূর্ববর্ধমানের বিভিন্ন জায়গায় তৃণমূলের কার্যালয় দখল করে আগুন লাগানোর অভিযোগ পাওয়া গেছে। পাশাপাশি তৃণমূল কর্মী সমর্থকদের বাড়িতেও হামলার ঘটনা ঘটেছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সিউড়ির জয়ী বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায় ভুক্তভোগীদের পরিবারের বাড়িতে যান এবং ক্ষমা চান।

অন্যদিকে পূর্ব বর্ধমান জেলার ভাতার এলাকায় জয়ী বিজেপি প্রার্থী সৌমেন কার্ফা গাড়িতে চড়ে হ্যান্ডমাইক ব্যবহার করে শান্তির বার্তা দেন এবং বিভিন্ন এলাকায় ঘুরে মানুষকে শান্ত থাকার আহ্বান জানান।

বীরভূম জেলার সিউড়িতে তৃণমূলের প্রধান কার্যালয়ে অনুব্রত মণ্ডলের ছবি ছিঁড়ে সেখানে বিজেপির পতাকা লাগিয়ে দেওয়া হয়। খবর পেয়ে সেখানে পৌঁছে জয়ী বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায় নিজের দলের কর্মীদের দিয়ে বিজেপির পতাকা সরিয়ে দেন। এরপর তিনি জেলার পুলিশ সুপারকে ফোন করে দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।

দক্ষিণ পূর্ব বর্ধমানের ভাতারেও এদিন সকাল থেকে শান্তি বজায় রাখতে রাস্তায় নামেন জয়ী বিজেপি প্রার্থী সৌমেন কার্ফা। তিনি গাড়িতে চড়ে হ্যান্ডমাইক ব্যবহার করে বিভিন্ন গ্রামে ঘুরে শান্তির বার্তা দেন এবং কোনো সমস্যা হলে তার সঙ্গে যোগাযোগ করতে বলেন।

অন্যদিকে সাহেবগঞ্জে তৃণমূলের কার্যালয়ে বিজেপির পতাকা ও ফেস্টুন লাগানো হয়েছিল, পরে সৌমেন কার্ফা নিজ হাতে সেগুলো খুলে দেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে নানা অভিযোগ ও অত্যাচারের বিরুদ্ধে বিজেপির অবস্থান ছিল, তবে কোনোভাবেই এলাকায় অশান্তি হতে দেওয়া হবে না। সবাইকে একসঙ্গে থাকার আহ্বানও জানান তিনি।

পূর্ব বর্ধমান জেলার মেমারিতে জয়ী বিজেপি প্রার্থী মানব গুহ সাংবাদিক বৈঠকে বলেন, এলাকায় শান্তি বজায় রাখতে হবে এবং পুলিশকে কঠোর ব্যবস্থা নিতে হবে। তিনি জানান, তিনি থানার ওসিকে কঠোর পদক্ষেপের জন্য বলেছেন এবং যারা অশান্তি করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

শুভেন্দু অধিকারীর বার্তা

বিজেপির সম্ভব্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নেতাকর্মীদের শান্তি বজায় রাখা ও সংযত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আগের সরকার অনেক অত্যাচার করেছে, কিন্তু কেউ আইন নিজের হাতে নিবেন না এবং সবাইকে শান্ত থাকতে হবে। নন্দীগ্রামের কর্মী-সমর্থকদের তিনি বলেন, আপাতত দুই-তিন দিন বিজয় মিছিল না করতে, পরে পুলিশের অনুমতি নিয়ে শান্তিপূর্ণভাবে করতে পারবে। তৃণমূলের কোনো কার্যালয়েও হাত না দেওয়ার বার্তাও দেন তিনি।

তিনি আরো বলেন, তার দুটি মন্ত্র ধৈর্য ও সহ্য। এই নীতিতেই তিনি আগে পরিবর্তনের সময় ছিলেন এবং এবারও আছেন। আজ বুধবার তিনি জানান, আগের সরকারের সময়কার সব মামলা আইন অনুযায়ী আবার খোলা হবে এবং ব্যবস্থা নেওয়া হবে। নন্দীগ্রামের উন্নয়নের প্রতিশ্রুতিও দেন শুভেন্দু।

তিনি বলেন, মানুষ একবার বিজেপিকে সুযোগ দিয়েছে, তারা ভালো কাজ করলে দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারবে। শেষে তিনি জানান, নন্দীগ্রাম ও ভবানীপুর, কোন আসন তিনি রাখবেন, তা দলীয় নেতৃত্বই ঠিক করবে।

বাংলাদেশ সময়: ১৭:০৭:০৭   ৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ভোট-পরবর্তী সহিংসতায় পশ্চিমবঙ্গে নিহত ৪
আমিরাতের পেট্রোলিয়াম স্থাপনায় ইরানের ড্রোন হামলা
নিজ আসনেই ডুবলেন মমতা, জয়ী শুভেন্দু
ইরানের নতুন শান্তি প্রস্তাব গ্রহণ করবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প
যুক্তরাষ্ট্রে লিমন-বৃষ্টি হত্যাকাণ্ড: স্মৃতি রক্ষায় যে পদক্ষেপ নিলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ
মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলো মিত্রদের রক্ষা করতে পারে না : মোজতবা খামেনি
২ শতাধিক তেল-গ্যাস ক্ষেত্রের খোঁজ পেল চীন
বলিভিয়ায় বাস দুর্ঘটনায় অন্তত ৯ জনের প্রাণহানি
গাজাগামী বহরের ২০টি নৌযান থেকে ১৭৫ কর্মী আটক : ইসরাইল
ভোটের ময়দানে প্রথম নির্বাচনেই বাজিমাত থালাপতি বিজয়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ