বৃহস্পতিবার, ৭ মে ২০২৬

বাজারদর অনুযায়ী ওয়াকফ সম্পত্তির ভাড়া পুনর্নির্ধারণ করা হবে : ধর্মমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাজারদর অনুযায়ী ওয়াকফ সম্পত্তির ভাড়া পুনর্নির্ধারণ করা হবে : ধর্মমন্ত্রী
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬



বাজারদর অনুযায়ী ওয়াকফ সম্পত্তির ভাড়া পুনর্নির্ধারণ করা হবে : ধর্মমন্ত্রী

দেশের ওয়াকফ সম্পত্তিগুলোর ভাড়া বর্তমান বাজারদর অনুযায়ী পুনর্নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। তিনি বলেছেন, অনিয়ম ও দুর্নীতির কারণে বিপুল পরিমাণ ওয়াকফ সম্পত্তি বেহাল অবস্থায় রয়েছে এবং নামমাত্র ভাড়ায় এসব সম্পত্তি ব্যবহার করা হচ্ছে।

বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ধর্মমন্ত্রী এসব কথা বলেন।

ধর্মমন্ত্রী জানান, দেশে ওয়াকফে আওলাদের আওতায় রয়েছে ২ লাখ ১২ হাজার ৯৯ একর জমি এবং ওয়াকফে লিল্লাহর আওতায় রয়েছে ৩ লাখ ৭৭ হাজার ১২০ একর জমি। সব মিলিয়ে ওয়াকফ সম্পত্তির পরিমাণ প্রায় ৬ লাখ ১৪ হাজার একর।

তিনি বলেন, প্রশাসনিক দুর্বলতা, দুর্নীতি ও অদক্ষতার কারণে অধিকাংশ ওয়াকফ সম্পত্তি এখন বেহাল অবস্থায় রয়েছে। গত ১৭ বছরে যেভাবে এসব সম্পত্তি পরিচালিত হয়েছে, তাতে ওয়াকফ ব্যবস্থার অবস্থা শোচনীয় হয়ে পড়েছে।

মন্ত্রী বলেন, ওয়াকিফরা যে উদ্দেশ্যে সম্পত্তি ওয়াকফ করে গেছেন, তা সঠিকভাবে বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এ ক্ষেত্রে চুরি, দুর্নীতি ও অনিয়ম বন্ধে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।

ওয়াকফে আওলাদ ও ওয়াকফে লিল্লাহর পার্থক্য তুলে ধরে শাহ মোফাজ্জল হোসাইন বলেন, ওয়াকফে আওলাদে সম্পত্তির মালিকানা স্থায়ীভাবে ওয়াকফ হয়ে যায়, তবে এর আয় ভোগ করেন বংশধরেরা। অন্যদিকে ওয়াকফে লিল্লাহর ক্ষেত্রে সম্পত্তির আয় জনকল্যাণ বা ধর্মীয় কাজে ব্যয় করা হয়। কোনো কোনো ক্ষেত্রে আয়ের একটি অংশ উত্তরাধিকারীরা পান এবং বাকিটা জনকল্যাণে ব্যবহৃত হয়।

ধর্মমন্ত্রী উদাহরণ দিয়ে বলেন, গাউছিয়া মার্কেট একটি ওয়াকফ এস্টেট। সেখানে ৫৮৮টি দোকান রয়েছে। প্রতিটি দোকানের আয়তন ২২ দশমিক ৪০ বর্গফুট হলেও মাসিক ভাড়া ১১২ টাকা থেকে সর্বোচ্চ ২ হাজার ২১৮ টাকা পর্যন্ত, যা আশপাশের বাজারদরের তুলনায় খুবই কম।

তিনি আরও বলেন, চকবাজারের একটি মসজিদের দোকান আগে ৩৫ হাজার টাকায় ভাড়া দেওয়া হতো। পরে কমিটি পরিবর্তনের পর একই দোকানের ভাড়া বেড়ে ২ লাখ ৫২ হাজার টাকায় নির্ধারণ করা হয়েছে। ঢাকাসহ বিভিন্ন এলাকায় এ ধরনের বহু ওয়াকফ সম্পত্তি রয়েছে, যেগুলো থেকে অনিয়মের মাধ্যমে সুবিধা নেওয়া হচ্ছে।

মন্ত্রী বলেন, বর্তমান বাজারদর অনুযায়ী ভাড়া নির্ধারণে ইতিমধ্যে ওয়াকফ প্রশাসক বৈঠক করেছেন। সরকারের নির্দেশনা বাস্তবায়ন করা গেলে আগামী কয়েক মাসের মধ্যে ইতিবাচক পরিবর্তন দেখা যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও জানান, সিন্ডিকেট ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধে প্রয়োজনে নতুন আইন করা হবে। পাশাপাশি বেদখল হওয়া ওয়াকফ সম্পত্তি পুনরুদ্ধারেরও নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮:২৪:৩২   ১৬ বার পঠিত