
গোপালগঞ্জ জেলার স্থানীয় সরকার প্রতিষ্ঠানসহ জেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম নিয়ে সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে আজ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের অনুপস্থিতিতে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের সচিব মোঃ শহীদুল হাসান।
গোপালগঞ্জ-১, ২ ও ৩ আসনের সংসদ সদস্য যথাক্রমে এফ ই শরফুজ্জামান জাহাঙ্গীর, কে এম বাবর এবং এস এম জিলানী সভায় উপস্থিত ছিলেন। সংসদ সদস্যরা নিজ নিজ এলাকার উন্নয়ন চাহিদা তুলে ধরে সংশ্লিষ্ট এলাকার প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নে মন্ত্রণালয়ের পূর্ণ সহযোগিতা প্রত্যাশা করেন।
সভায় সচিব বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান গোপালগঞ্জকে দেশের অন্যান্য জেলার মতো সমান গুরুত্ব দিয়ে উন্নয়নের আওতায় আনার ঘোষণা দিয়েছেন। সেই লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবেই জেলার চলমান উন্নয়ন কার্যক্রম পর্যালোচনা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এ সভার আয়োজন করা হয়েছে।
সভাতে চলমান বিভিন্ন প্রকল্পের অগ্রগতি ও বিদ্যমান চ্যালেঞ্জসমূহ বিস্তারিতভাবে তুলে ধরা হয়। পরবর্তীতে আলোচনার ভিত্তিতে প্রকল্পগুলোর বাস্তবায়ন আরও গতিশীল, কার্যকর এবং সময়োপযোগী করার জন্য প্রয়োজনীয় পরিবর্তন আনার পরামর্শ দেন সচিব।
সভায় আরো উপস্থিত ছিলেন পরিকল্পনা, পরিবীক্ষণ, মূল্যায়ন ও পরিদর্শন অনুবিভাগের মহাপরিচালক মোঃ মাহমুদুল হাসান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোঃ বেলাল হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী জনাব মোঃ আবদুল আউয়াল, গোপালগঞ্জ জেলার এলজিইডির নির্বাহী নির্বাহী প্রকৌশলী মোঃ এহসানুল হক এবং গোপালগঞ্জ জেলায় চলমান বিভিন্ন প্রকল্পের পরিচালকগণ।
বাংলাদেশ সময়: ১৫:৫৮:০৯ ৬ বার পঠিত