![]()
সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলার পদ্মা নদীতে অভিযান চালিয়ে অবৈধ জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস এবং জেলেদের জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১২ মে ২০২৬) সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত উপজেলার কাড়ালকান্দি, মোল্লাকান্দি, চর বলাশিয়া ও মাদ্রাসা ঘাটসহ বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া। মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন সদরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মেহেদী হাসান। এ সময় সদরপুর থানা পুলিশ সার্বিক সহযোগিতা করে।
পদ্মা নদীতে নিষিদ্ধ চায়না দুয়ারী, রিং ও কারেন্ট জাল ব্যবহারের কারণে দেশীয় প্রজাতির মাছ বিলুপ্তির পথে। জলজ জীববৈচিত্র্য রক্ষা এবং অবৈধ মাছ শিকার প্রতিরোধে পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান চালানো হয়।
অভিযানকালে ৬৭টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল, ৩টি গুটি জাল ও ২টি কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ সময় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী দুইজন জেলেকে মোট ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া বলেন, “জনস্বার্থে এবং দেশীয় মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
বাংলাদেশ সময়: ২২:১৫:১৮ ১৭ বার পঠিত