
প্রতিযোগিতামূলক ম্যাচে স্পেনের টানা ৪৩ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড ভেঙে দিয়েছে ইংল্যান্ড। রোববার স্পেনের মাটিতেই বিশ্বচ্যাম্পিয়নদের ৩-২ গোলে হারিয়েছে থমাস টাচেলে দল। একই দিনে ইতালিকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালে উঠেছে বেলজিয়াম। শেষ আটে জায়গা নিশ্চিত করেছে ফ্রান্সও।
মাদ্রিদে দুর্দান্ত জয়ের পর গ্রুপ ‘এ৩’-এর শীর্ষস্থান নিশ্চিত করেছে ইংল্যান্ড। ১৫ পয়েন্ট নিয়ে তাদের সমান অবস্থানে রয়েছে স্পেন। তবে ম্যাচের দীর্ঘ সময় স্পেনকে বিশ্বকাপজয়ী দলের ছায়া মনে হয়েছে।
শেষ পর্যন্ত ১০ জনের দলে পরিণত হয়ে দারুন প্রতিরোধ গড়ে জয় ধরে রাখতে হয়েছে ইংল্যান্ডকে। ২০২৩ সালের মার্চের পর প্রতিযোগিতামূলক ম্যাচে এটাই স্পেনের প্রথম হার।
ম্যাচ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইংল্যান্ড কোচ টাচেল বলেন, ‘পরিস্থিতি, প্রতিপক্ষ এবং কোথায় খেলেছি সবকিছু বিবেচনায় নিলে এটাই আমার অধীনে ইংল্যান্ডের সেরা ম্যাচ।’
তিনি আরও বলেন, ‘আমরা কী দিয়ে তৈরি এবং কী করতে পারি, সেটাই দেখিয়েছি।’ বিশ্বকাপে তৃতীয় হওয়ায় দল অনুপ্রাণিত হয়েছে বলেও জানান টাচেল।
‘আমরা সব সময় নিজেদের সীমা ছাড়িয়ে যাওয়ার জন্য প্রস্তুত। ৬০ বছরের মধ্যে আমরা সেরা ফল পেয়েছিলাম, কিন্তু তাতেও আমরা সন্তুষ্ট ছিলাম না। গত দুটি আন্তর্জাতিক বিরতিতে আমরা যা করেছি, তা সত্যিই প্রশংসনীয়।’
বিরতির ঠিক আগে পেনাল্টি থেকে গোল করে ইংল্যান্ডকে এগিয়ে দেন হ্যারি কেইন। জাতীয় দলের হয়ে তাঁর গোলসংখ্যা বেড়ে দাঁড়ায় রেকর্ড ৯৩।
বিরতির পরপরই ব্যবধান দ্বিগুণ করেন এজরি কনসা। ৫৭ মিনিটে জুড বেলিংহ্যামের পাস থেকে বল পেয়ে উনাই সিমনের দুই পায়ের ফাঁক দিয়ে জালে পাঠিয়ে ইংল্যান্ডকে অবিশ্বাস্য ৩-০ ব্যবধানে এগিয়ে দেন বেন হোয়াইট।
তবে এই ব্যবধান একসময় ইংল্যান্ডের জন্য জরুরি হয়ে ওঠে। কিছুক্ষণ পরই বক্সের মধ্যে লামিন ইয়ামালকে পেছন থেকে টেনে ধরেন এলিয়ট অ্যান্ডারসন। ফলে পেনাল্টি পায় স্পেন এবং লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় অ্যান্ডারসনকে।
স্পট কিক থেকে গোল করেন মিকেল ওয়ারসাবাল। এতে ম্যাচের শেষ ভাগ জমে ওঠে। বিশ্বকাপের ফাইনালে ওঠার সুযোগ হারানোর পেছনে আর্জেন্টিনার বিপক্ষে ইংল্যান্ডের ভেঙে পড়ার স্মৃতি আবারও সামনে চলে আসে।
১৫ মিনিট বাকি থাকতে লামিন ইয়ামালের নিখুঁত ক্রস থেকে জোরালো শটে গোল করেন নিকো উইলিয়ামস। স্পেনের একের পর এক আক্রমণের মুখে শেষ পর্যন্ত কোনোমতে জয় ধরে রাখে ইংল্যান্ড।
এদিকে ম্যাচ শুরুর আগে গ্রুপ ‘এ১’-এ তৃতীয় স্থানে থাকা বেলজিয়ামের শেষ আটে উঠতে জয়ের বিকল্প ছিল না। কিন্তু ১১ মিনিটে ফ্রানচেস্কো পিও এস্পোসিতোর ভলিতে এগিয়ে যায় ইতালি। তখন কঠিন পরিস্থিতিতে পড়ে বেলজিয়াম।
পরের ১৫ মিনিটেই ইতালিকে উড়িয়ে দেয় স্বাগতিকরা। ম্যাক্সিম ডি কাপার ও নাথান এনগয়ের গোলে এগিয়ে যাওয়ার পর ইতালির রক্ষণভাগের খেলোয়াড়দের কাটিয়ে দুর্দান্তভাবে এগিয়ে গিয়ে গোল করেন জেরেমি ডোকু।
মার্ক ফন বোমেলের দল যোগ্যতা দিয়েই কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয়। ম্যাচের ১০ মিনিট বাকি থাকতে ইতালির অগোছালো রক্ষণভাগের বিপক্ষে আরেকটি আক্রমণ থেকে গোল করেন দিয়েগো মোরেইরা। তাতে স্কোরলাইনও বড় হয়।
গত ম্যাচে ফ্রান্সকে হারিয়ে গ্রুপের শীর্ষে থাকা ইতালির জন্য রাতটি ছিল হতাশার। কোয়ার্টার ফাইনালে উঠতে তাদের শুধু ড্র করলেই চলত। শেষ দিকে এস্পোসিতোর দুর্বল পেনাল্টি ঠেকিয়ে দেন সেনে লামেন্স। এতে ইতালির দুর্দশা আরও বাড়ে।
ইতালির কোচ রবার্তো মানচিনি বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে এমন রাত আসতেই পারে। দল পুনর্গঠনের প্রক্রিয়ায় এ ধরনের ঘটনা ঘটতে পারে।’
তিনি আরও বলেন, ‘আমরা হতাশ, তবে শেষ পর্যন্ত এই রাত আমাদের কাজে আসবে।’
বাংলাদেশ সময়: ১৬:৫৫:০১ ৫ বার পঠিত