![]()
বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল (সিএজি) কার্যালয়ের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত ১১ থেকে ১৯ মে পর্যন্ত সাত কর্মদিবসব্যাপী ‘বিশেষ সেবা কার্যক্রম’-এর অংশ হিসেবে বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল মো. নূরুল ইসলাম ডিফেন্স ফাইন্যান্স ডিপার্টমেন্ট (ডিএফডি) কমান্ডের বিভিন্ন কার্যালয় পরিদর্শন করেছেন।
ডিএফডি কমান্ডের আওতাধীন এসএফসি (নেভি), এসএফসি (বিমানবাহিনী), এফসি (আর্মি) পে-১, এফসি (আর্মি) পে-২, এফসি (আর্মি) লগ এরিয়া, সিসিডিএফ (পেনশন ও ফান্ড ম্যানেজমেন্ট) এবং এসিসিডিএফ (আর্মি) সিভিল কার্যালয় কর্তৃক চলমান বিশেষ সেবা কার্যক্রম পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স এ এইচ এম শামসুর রহমান উপস্থিত ছিলেন। এসএফসি (আর্মি) কার্যালয় পরিদর্শনকালে এসএফসি (আর্মি) ডা. তানজিনা ইসলাম-সহ ডিএফডির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) আজ এ তথ্য জানায়।
বিশেষ সেবা সপ্তাহ উপলক্ষ্যে চলমান কার্যক্রমসমূহ পেনশনারসহ সেবাগ্রহীতাদের জন্য প্রদত্ত বেতনভাতা, পেনশন সেবা সংক্রান্ত সমস্যার তাৎক্ষণিক সহায়তা, ভবিষ্য তহবিল/ডিএসওপি বিল ও সংশ্লিষ্ট যাবতীয় বিষয়ের নিষ্পত্তি, ওয়ানস্টপ সার্ভিস সেন্টার, হেল্পডেক্স, অটোমেশনের কার্যক্রম সিএজি মো. নূরুল ইসলাম পরিদর্শন করেন।
এসময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। নেট এনটাইটেলমেন্ট (এনই কেইস) এর বিষয়টি গুরুত্ব সহকারে দ্রততম সময়ের মধ্যে নিষ্পত্তির লক্ষ্যে করণীয় সম্পর্কেও তিনি নির্দেশনা প্রদান করেন।
সিএজি জনগণকে দ্রুত, স্বচ্ছ ও মানসম্মত সেবা প্রদানের ক্ষেত্রে সরকারের আন্তরিকতার কথা উল্লেখ করেন। তিনি বলেন, বর্তমান সরকার জনবান্ধব প্রশাসন গড়ে তোলার লক্ষ্যে সেবাপ্রদান ব্যবস্থাকে আরো সহজ, মানবিক, প্রযুক্তিনির্ভর ও জবাবদিহিমূলক করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
পেনশনারসহ সকল সেবাগ্রহীতাকে গুণগত সেবা পৌঁছে দিতে সিএজি সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা, মানবিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
পরিদর্শনকালে সংশ্লিষ্ট কার্যালয়সমূহের কর্মকর্তারা সেবা সপ্তাহ উপলক্ষ্যে পরিচালিত বিশেষ সেবা কার্যক্রম সম্পর্কে সিএজিকে অবহিত করেন। এ সময় পেনশনারসহ সেবাগ্রহীতারাও তাৎক্ষণিক ও আন্তরিক সেবা প্রাপ্তিতে সন্তোষ প্রকাশ করেন।
উল্লেখ্য, সিএজি কার্যালয়ের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ১১ থেকে ১৯ মে পর্যন্ত ১৭টি অডিট অধিদপ্তর, সিজিএ, ৫০টি সিএএফও কার্যালয়, ৮ বিভাগ, ৬৪ জেলা, ৪৯৫ উপজেলা, সিজিডিএফ, এসএফসি, এফসিসহ বিভিন্ন সেনানিবাসে অবস্থিত এরিয়া এফসি/এফপিও অফিসমূহ, এডিজি ফাইন্যান্স বাংলাদেশ রেলওয়ে, এফএএন্ডসিএন্ড, ডিএফএ ঢাকা, চট্টগ্রাম, রাজশাহীসহ সারা বাংলাদেশের সব নিরীক্ষা ও হিসাবরক্ষণ অফিসে বিশেষ সেবা কার্যক্রম পরিচালিত হচ্ছে।
এই সেবা কার্যক্রমের অংশ হিসেবে বেতন নির্ধারণ, পেনশন, জিপিএফ/ডিএসপিএফ/ডিএসওপি, টিএডিএ, কম্যুটেশন বিলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবা শ্রদ্ধা, সম্মান, আন্তরিকতা ও দ্রুততার সাথে প্রদান করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৭:২৩:৫৭ ৯ বার পঠিত