![]()
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থিত জেলা কালেক্টরেট মসজিদের পুনঃসংস্কার কাজের ছাদের আরসিসি ঢালাই কাজ সম্পন্ন হওয়ার পর ১৫/৫/২০২৬ ইং শুক্রবার জুম্মার নামাজের পর সরেজমিনে তা পরিদর্শন করেন জেলা প্রশাসক মোঃ রায়হান কবির।
গত বৃহস্পতিবার, ১৪ মে সকাল ৯টা ৩০ মিনিটে মসজিদের ছাদের ঢালাই কাজের শুভ উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সিফাত উদ্দিন। জেলা প্রশাসক মোঃ রায়হান কবির সরকারি গুরুত্বপূর্ণ কাজে ঢাকায় থাকায় তার পক্ষে তিনি এ কাজের উদ্বোধন করেন।
এর আগে গত ১ মে শুক্রবার জুম্মার নামাজের পর জেলা প্রশাসক মোঃ রায়হান কবির মসজিদের পুনঃসংস্কার কাজের উদ্বোধন করেছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, মসজিদের ইমাম ও স্থানীয় মুসল্লিরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মসজিদের দ্বিতীয় তলার কিছু অংশ আরসিসি ঢালাই করা হলেও বাকি পুরো অংশ টিন দিয়ে নির্মিত ছিল। দীর্ঘদিনের ব্যবহারে টিন ক্ষয়প্রাপ্ত ও মরিচা ধরে ছিদ্র হয়ে নষ্ট হয়ে যায়। ফলে সামান্য বৃষ্টিতেই দ্বিতীয় তলার ফ্লোর পানিতে ভেসে যেত এবং শত শত মুসল্লির নামাজ আদায়ে ভোগান্তি হতো।
এ অবস্থায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবিরের উদ্যোগে ও নারায়ণগঞ্জ জেলা পরিষদের অর্থায়নে মসজিদটির সংস্কার কাজ হাতে নেওয়া হয়। পুরোনো টিন পরিবর্তন করে পুরো দ্বিতীয় তলা আরসিসি ঢালাইয়ের ব্যবস্থা করা হয়। সংস্কার কাজ সম্পন্ন হওয়ায় এখন বৃষ্টির সময় মুসল্লিদের নামাজ আদায়ে আর কোনো অসুবিধা হবে না।
শুক্রবার জুম্মার নামাজের পর ছাদের ঢালাই কাজ পরিদর্শনকালে জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন, “গতকাল সরকারি গুরুত্বপূর্ণ কাজ থাকায় আমি ঢালাই কাজের উদ্বোধনে থাকতে না পারায় আন্তরিকভাবে দুঃখিত। কালেক্টরেট মসজিদে প্রতিদিন জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় অসংখ্য মুসল্লি নামাজ আদায় করেন। বৃষ্টিতে তাদের ভোগান্তি আমাদের ব্যথিত করেছিল। আল্লাহর ঘরের খেদমত করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। দ্রুততম সময়ে মানসম্মতভাবে কাজ শেষ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছিলাম। সেই নির্দেশের ধারাবাহিকতায় দ্রুত সময়ে ছাদ ঢালাইয়ের কাজ মানসম্মতভাবে সম্পন্ন হয়েছে। ইনশাল্লাহ এখন মুসল্লিরা বৃষ্টির সময়ও স্বস্তিতে ইবাদত করতে পারবেন।”
তিনি আরও বলেন, জেলা প্রশাসন জনগণের ধর্মীয় ও সামাজিক প্রয়োজন পূরণে সবসময় সচেষ্ট থাকবে। মসজিদের বাকি কাজও দ্রুত সম্পন্ন করে পুরোপুরি ব্যবহার উপযোগী করা হবে।
মুসল্লিরা জেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ধন্যবাদ জ্ঞাপন করেছেন।
এ সময় জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোঃ আলীনুর খান, নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন, এনডিসি মোহাম্মদ শাহরিয়ার পারভেজ সহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, স্থানীয় মুরুব্বী, মসজিদের ইমাম ও মুতয়াল্লী উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৬:৪৩:৪২ ১৩ বার পঠিত