
জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে পারিবারিক বিরোধের জেরে এক নারী উদ্যোক্তার ব্যবসা প্রতিষ্ঠানে জোরপূর্বক তালা ঝুলিয়ে দেওয়া এবং ক্যাশ বাক্স থেকে টাকা লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী উদ্যোক্তা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ঘটনাটি ঘটেছে গত রোববার (১৫ নভেম্বর) সরিষাবাড়ী পৌরসভার শিমলা বাজারের এ.আর.এ জুটমিল আবাসিক এলাকায়।
ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা যায়, শিমলা বাজারে ভবন ভাড়া নিয়ে ‘সাথী কসমেটিকস্ এ্যান্ড বস্ত্র বিতান’ নামের একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন নারী উদ্যোক্তা সুমাইয়া আক্তার সাথী। প্রথম স্বামীর সঙ্গে বিবাহচ্ছেদের পর সম্প্রতি তিনি দ্বিতীয় বিয়ে করেন। এই বিয়েকে কেন্দ্র করে সাবেক স্বামীর আত্মীয়-স্বজনরা দীর্ঘদিন ধরে তার ওপর ক্ষুব্ধ ছিল।
এরই জেরে গত রোববার বিকেলে সাইফুল ইসলামসহ একদল লোক অতর্কিতভাবে ওই দোকানে প্রবেশ করে ক্যাশ বাক্স থেকে প্রায় ২ লাখ টাকা লুট করে নেয় এবং কর্মচারীকে ভয়ভীতি দেখিয়ে দোকানে তালা ঝুলিয়ে দেয়। পরদিন সোমবার সন্ধ্যা পর্যন্ত দোকানটি বন্ধ থাকায় উদ্যোক্তা, কর্মচারী ও স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে চরম ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।
ঘটনার বিষয়ে প্রত্যক্ষদর্শী বাসা মালিক শামছুল হক ও স্থানীয় ব্যবসায়ী নিপ্পন শেখ ক্ষোভ প্রকাশ করে বলেন, পারিবারিক বিরোধ থাকতে পারে, কিন্তু একজন নারী উদ্যোক্তার ব্যবসা প্রতিষ্ঠান এভাবে জোরপূর্বক বন্ধ করে দেওয়া অত্যন্ত অন্যায়। শিমলা বাজার টাউন বণিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা জিন্নাহও বিষয়টি দুঃখজনক উল্লেখ করে প্রশাসনের দ্রুত আইনগত হস্তক্ষেপ দাবি করেছেন।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন জানান, ভুক্তভোগী সুমাইয়া আক্তার সাথীর একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১১:২৩:৩৬ ৩ বার পঠিত