অর্থনীতির বাস্তব চিত্র তুলে ধরবে ডিসিসিআই’র ইপিআই সূচক : তাসকীন আহমেদ

প্রথম পাতা » অর্থনীতি » অর্থনীতির বাস্তব চিত্র তুলে ধরবে ডিসিসিআই’র ইপিআই সূচক : তাসকীন আহমেদ
শনিবার, ১৬ মে ২০২৬



অর্থনীতির বাস্তব চিত্র তুলে ধরবে ডিসিসিআই’র ইপিআই সূচক : তাসকীন আহমেদ

প্রচলিত সামষ্টিক অর্থনৈতিক সূচক ও পরিমাপক ব্যবস্থা স্বল্পমেয়াদে অর্থনীতির প্রকৃত অবস্থা ও তাৎক্ষণিক পরিবর্তনের প্রতিফলন ঘটানো যাচ্ছে না। এ প্রেক্ষাপটে ডিসিসিআই প্রণীত ‘অর্থনৈতিক অবস্থান সূচক (ইপিআই)’ নীতিনির্ধারক, উদ্যোক্তা ও গবেষকদের জন্য সময়োপযোগী ও কার্যকর উদ্যোগ হিসেবে কাজ করবে বলে মন্তব্য করেছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদ।

এছাড়া উচ্চ মূল্যস্ফীতি, বৈদেশিক মুদ্রার রিজার্ভের চাপ, বিনিয়োগের মন্থরতা, জ্বালানি অনিশ্চয়তা ও উৎপাদন ব্যয় বৃদ্ধির কারণে দেশের সামষ্টিক অর্থনীতিতে এক ধরনের চাপ বিরাজ করছে বলে মন্তব্য করেন তিনি।

আজ রাজধানীতে ডিসিসিআই অডিটোরিয়ামে আয়োজিত ‘অর্থনৈতিক অবস্থান সূচক (ইপিআই): ঢাকার সামষ্টিক অর্থনীতির ত্রৈমাসিক মূল্যায়ন’ শীর্ষক সেমিনারে স্বাগত বক্তব্যে তিনি এ কথা বলেন।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিসিসিআই মহাসচিব (ভারপ্রাপ্ত) ড. একেএম আসাদুজ্জামান পাটোয়ারী।

পাটোয়ারী তার প্রবন্ধে বলেন, ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ পরিকল্পনায় তথ্য ঘাটতি পূরণ ও অর্থনীতির স্বল্পমেয়াদি পূর্বাভাস মূল্যায়নের লক্ষ্যেই ডিসিসিআই ত্রৈমাসিক ভিত্তিতে ইপিআই প্রণয়নের উদ্যোগ নিয়েছে।

তিনি আরও বলেন, এই গবেষণায় ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের তথ্য ব্যবহার করা হয়েছে।

এতে ৭৬২ জন প্রতিনিধির মতামত নেওয়া হয়, যার মধ্যে উৎপাদন খাতের ৩৩০ জন ও সেবা খাতের ৪৩২ জন প্রতিনিধি ছিলেন।

গবেষণার ফলাফলে দেখা গেছে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে কৃষিখাতে খাদ্য উৎপাদন হ্রাস পাচ্ছে, জ্বালানি সংকটের কারণে শিল্পখাতে উৎপাদন স্থবির হয়ে পড়েছে ও মানুষের ক্রয়ক্ষমতা কমে যাওয়ায় সেবা খাতের অগ্রগতি বাধাগ্রস্ত হচ্ছে।

ড. একেএম আসাদুজ্জামান পাটোয়ারী কৃষিপণ্যের বাজারমূল্য স্থিতিশীল রাখা, সরবরাহ ব্যবস্থা উন্নয়ন, এসএমই উদ্যোক্তাদের স্বল্পসুদে ঋণ সুবিধা প্রদান, শিল্পখাতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত, অবকাঠামো উন্নয়ন, সরকারি লাইসেন্সিং সেবায় হয়রানি কমানো, ভ্যাট হার হ্রাস ও বন্দর ব্যবস্থাপনায় গতি আনার ওপর গুরুত্বারোপ করেন।

সেমিনারের আলোচনায় অংশ নিয়ে অর্থনীতিবিদ ও পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই)’র চেয়ারম্যান ড. জায়েদী সাত্তার বলেন, গবেষণাটি বর্তমানে ঢাকা-কেন্দ্রিক হলেও, এটি সারাদেশে সম্প্রসারণ করা গেলে এর গ্রহণযোগ্যতা আরও বাড়বে এবং উদ্যোক্তারা ব্যবসা পরিবেশ মূল্যায়নে কার্যকর দিকনির্দেশনা পাবেন।

আন্তর্জাতিক বাণিজ্য বিশেষজ্ঞ নেসার আহমেদ বলেন, এলডিসি উত্তরণের পর ইউরোপীয় বাজারে শুল্কমুক্ত সুবিধা হারালে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে এসএমই খাত। তাই ব্যবসা পরিচালনা ব্যয় কমানো ও ব্যবসাবান্ধব নীতি সহায়তা নিশ্চিতের কোনো বিকল্প নেই।

বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শিবির বিচিত্র বড়ুয়া বলেন, বর্তমানে দেশের প্রধান অর্থনৈতিক চ্যালেঞ্জ হলো উচ্চ মূল্যস্ফীতি, বিনিয়োগে নেতিবাচক প্রবণতা এবং ব্যাংকিং ও আর্থিক খাতের দুর্বলতা।

তিনি জানান, ব্যবসা সহজীকরণে সরকার আমদানি নীতিমালা যুগোপযোগী করার কাজ করছে এবং আগামী কয়েক মাসের মধ্যে তা চূড়ান্ত হবে বলে আশা করা হচ্ছে।

ড. মিজানুর রহমান বলেন, বিগত কয়েক বছরে সরকার ও বেসরকারি খাতে ব্যয় আয়ের তুলনায় অনেক বেশি ছিল। একইসঙ্গে বিনিয়োগ স্থবিরতা অর্থনীতির গতি কমিয়ে দিয়েছে।

এ অবস্থা উত্তরণে আর্থিক খাতসহ সরকারি প্রতিষ্ঠানের কাঠামোগত সংস্কারের ওপর তিনি গুরুত্বারোপ করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক ড. সৈয়দ মুনতাসির মামুন বলেন, দীর্ঘমেয়াদি শিল্প অর্থায়নে বাংলাদেশ এখনও ব্যাংক খাতের ওপর অতিরিক্ত নির্ভরশীল। অথচ এ ক্ষেত্রে পুঁজিবাজারের ভূমিকা আরও বাড়ানো প্রয়োজন ছিল।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) যুগ্ম সচিব মো. আরিফুল হক বলেন, সরকারি নীতিমালা বাস্তবায়নে এখনও ঘাটতি রয়েছে। তবে সরকারি সেবায় ডিজিটাল ব্যবস্থার ব্যবহার বাড়ানো গেলে বেসরকারি খাতের ভোগান্তি কমবে।

ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশনের (আইএফসি) সিনিয়র প্রাইভেট সেক্টর স্পেশালিস্ট মিয়া রহমত আলী বলেন, যুদ্ধ-বিগ্রহ ও জলবায়ু পরিবর্তনের কারণে বৈশ্বিক অর্থনীতিতে সৃষ্ট অস্থিরতা মোকাবিলায় উদ্যোক্তাদের জন্য প্রয়োজনীয় নীতি ও আর্থিক সহায়তা নিশ্চিত করতে হবে।

বাংলাদেশ ব্যাংক-এর প্রধান অর্থনীতিবিদ প্রফেসর ড. আখন্দ মোহাম্মদ আখতার হোসেন বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে বৈদেশিক বিনিয়োগ আকর্ষণের কোনো বিকল্প নেই, যদিও এ ক্ষেত্রে বাংলাদেশ এখনও পিছিয়ে রয়েছে।

মুক্ত আলোচনায় ডিসিসিআই’র সাবেক ঊর্ধ্বতন সহ-সভাপতি আলহাজ্ব আব্দুস সালাম ও সাবেক পরিচালক এম বশিরউল্ল্যাহ ভূইয়্যা অংশ নেন।

এ সময় ডিসিসিআই’র ঊর্ধ্বতন সহ-সভাপতি রাজিব এইচ চৌধুরী ও সহ-সভাপতি মো. সালিম সোলায়মানসহ পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭:২৫:৫৪   ৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


অর্থনীতির বাস্তব চিত্র তুলে ধরবে ডিসিসিআই’র ইপিআই সূচক : তাসকীন আহমেদ
কৌশলগত অংশীদারিত্ব ও সহযোগিতা জোরদার করতে চায় বাংলাদেশ-ব্রাজিল
পুঁজিবাজারসহ আর্থিক খাতকে আরও শক্তিশালী করতে কাজ চলছে: অর্থমন্ত্রী
মে মাসের ১২ দিনেই এলো ১৬০ কোটি ডলার রেমিট্যান্স
সংযোগ, বাণিজ্য সহযোগিতা নিয়ে বাংলাদেশ-চীন আলোচনা
সয়াবিন তেলের দাম বাড়ল
রপ্তানি বৈচিত্র্যে সোনা-হীরা খাতেও পোশাকশিল্পের সমান সুবিধা : অর্থমন্ত্রী
বাংলাদেশ কৃষি ব্যাংক, ফরিদপুর শাখার এটিএম বুথ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
নয় মাসে রাজস্ব আদায় বেড়েছে ২৮ হাজার ৮৬৬ কোটি টাকা - এনবিআর
আধুনিক মাদারীপুর বাস্তবায়নে ৫ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প

News 2 Narayanganj News Archive

আর্কাইভ