
টাকশালে ছাপানো হলেও নিরাপত্তাজনিত কারণে বাজারে পৌঁছাচ্ছে না নতুন টাকা। নিরাপত্তার কারণে নতুন নোট বহনে রাজি হচ্ছে না পুলিশ। এদিকে বাজার থেকে এটিএম বুথ, এমনকি মেট্রোরেলের টিকিট মেশিনেও পুরোনো ও ছেঁড়া নোট নিয়ে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। তবে আগামী সপ্তাহে নতুন নোট বাজারে আসবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বাজারে পণ্য কিনতে গিয়ে ভালো নোটের বদলে ক্রেতাদের হাতে আসছে ছেঁড়া, ময়লাযুক্ত ও জীর্ণ নোট। এক দোকান থেকে পাওয়া মলিন নোট অন্য দোকানে নিতে চান না অনেক ব্যবসায়ী। এতে প্রতিদিনের লেনদেনে তৈরি হচ্ছে বিড়ম্বনা।
ব্যবসায়ীরা বলেন, ছেঁড়া নোট নিয়ে ক্রেতাদের সঙ্গে প্রায়ই ঝামেলা হয়। ক্রেতারা এসব নোট নিতে চান না। আবার এক দোকান থেকে নেয়া নোট অন্য দোকানে চালানোও কঠিন হয়ে পড়ে।
ক্রেতারাও একই ধরনের ভোগান্তির কথা জানিয়েছেন। একজন ক্রেতা বলেন, সয়াবিন তেল কিনে ৫০ টাকার একটি পুরোনো নোট পেয়েছিলাম। পরে চিড়ার দোকানে সেই নোট দিতে গেলে দোকানি নিতে চাননি।
ব্যবসায়ীদের অভিযোগ, ছেঁড়া নোটের কারণে প্রতিদিন অন্তত ১৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত লোকসান হচ্ছে তাদের। ব্যাংকে এসব নোট জমা দিতে গিয়েও নানা জটিলতার মুখে পড়তে হয়। ফলে ব্যবহারের অনুপযোগী নোট এক হাত থেকে অন্য হাতে ঘুরছে।
বাজারের পাশাপাশি এটিএম বুথ, ক্যাশ রিসাইক্লিং মেশিন (সিআরএম), এমনকি মেট্রোরেলের টিকিট মেশিনেও অনেক পুরোনো নোট গ্রহণ করা হচ্ছে না। বিশেষ করে ছোট অঙ্কের নোটের ক্ষেত্রে এ সমস্যা বেশি দেখা যাচ্ছে। এতে প্রতিদিনের লেনদেনে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ।
Surf Excel Advertisement
এক ভোক্তা বলেন, মেট্রোরেলের টিকিট মেশিনে টাকা দিতে গেলে অনেক সময় তা গ্রহণ করে না। টেপ লাগানো বা ছেঁড়া নোট মেশিনে নেয় না। আবার এটিএম থেকে টাকা তুলতে গিয়ে ছেঁড়া নোটও পাওয়া যায়। সামান্য পুরোনো নোট জমা দিলেও অনেক সময় মেশিন তা গ্রহণ করে না।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, চাহিদা অনুযায়ী কাগজ ও কালি সরবরাহ না থাকায় পর্যাপ্ত নতুন নোট ছাপানো যাচ্ছে না। তবে আগামী সপ্তাহে নতুন ও পুরোনো নকশার ১০০, ৫০ ও ২০ টাকার নোট বাজারে ছাড়া হবে। নোট সরবরাহের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে পোশাক কারখানার অস্থিরতা ও শ্রমিক আন্দোলন ঘিরে নিরাপত্তা পরিস্থিতি।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, নতুন নকশার ১০০ ও ২০ টাকার নোট বাজারে ছাড়া হবে। পাশাপাশি আগে থেকে ছাপানো ৫০ টাকার নোটও বাজারে ছাড়া হবে।
এদিকে ব্যাংকগুলোতে নতুন নোটের সরবরাহ না থাকায় পুরোনো নোটের মাধ্যমেই লেনদেন ও ছেঁড়া নোট বিনিময়ের কার্যক্রম চালাতে হচ্ছে। এতে নতুন নোটের সংকটের পাশাপাশি পুরোনো নোট নিয়ে সাধারণ মানুষের ভোগান্তিও বাড়ছে।
বাংলাদেশ সময়: ১০:১০:৫০ ৬ বার পঠিত