বন্দরে ড্রেজার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

প্রথম পাতা » ছবি গ্যালারী » বন্দরে ড্রেজার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
মঙ্গলবার, ১৯ মে ২০২৬



বন্দরে ড্রেজার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জের বন্দরে ড্রেজার ব্যবসা নিয়ে আধিপত্য বিস্তার ও মাদক ব্যবসায় বাধা দেওয়ার জেরে মাকসুদুর রহমান জুয়েল নামের এক ব্যবসায়ীকে দিনেদুপুরে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১৯ মে) দুপুরে বন্দর উপজেলার মদনগঞ্জ ইউনিয়নের শান্তিনগর এলাকায় শীতলক্ষ্যা নদীর তীরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত মাকসুদুর রহমান জুয়েল ওই এলাকার বাসিন্দা এবং পেশায় ড্রেজার ব্যবসায়ী ছিলেন।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে জুয়েলের বন্ধু শ্যামল নামের এক ব্যক্তি মুঠোফোনে কল করে তাকে শান্তিনগর এলাকায় শীতলক্ষ্যা নদীর তীরে ডেকে নেন। জুয়েল সেখানে পৌঁছামাত্র পূর্বপরিকল্পিতভাবে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। প্রকাশ্যে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায় তারা। পরে স্থানীয় লোকজন ও স্বজনেরা আশঙ্কাজনক অবস্থায় জুয়েলকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত জুয়েলের ভাই সোহেল অভিযোগ করে বলেন, ‘ড্রেজার ব্যবসা নিয়ে একই এলাকার টিটু, আল আমিন, ডিস দুলাল ও পলাশের সঙ্গে আমার ভাইয়ের দ্বন্দ্ব ছিল। এ ছাড়া অভিযুক্তরা এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকায় জুয়েল সব সময় তাদের বাধা দিত। এসব কারণে তারা ভাইয়ের ওপর ক্ষিপ্ত ছিল। আজ পরিকল্পিতভাবে ডেকে নিয়ে আমার ভাইকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে।’

এদিকে জুয়েলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনেরা হাসপাতালে ভিড় করেন। তাদের আহাজারিতে হাসপাতালের পরিবেশ ভারী হয়ে ওঠে। নিহত জুয়েলের পরিবার এই ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতা ও ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। জিজ্ঞাসাবাদের জন্য ইতিমধ্যে দুইজনকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত মূল আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে এবং এই বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

বাংলাদেশ সময়: ১৮:৪১:২১   ৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সোনারগাঁয়ে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা শুরু
বন্দরে ড্রেজার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
নারায়ণগঞ্জে তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা শুরু
সদরপুরে উৎসবমুখর পরিবেশে ‘ভূমি সেবা সপ্তাহ’ উদযাপিত, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা
ফরিদপুরে আইএফআইসি ব্যাংকের উদ্যোগে আর্থিক সাক্ষরতা বিষয়ক সেমিনার
আলফাডাঙ্গায় তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা ২০২৬ এর উদ্বোধন
ব্রাজিলের চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা
রোহিঙ্গা ক্যাম্পে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আটক ৩
সমাজের প্রতিটি স্তরের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব - স্পীকার
শিশুদের সঙ্গে প্রাণোচ্ছ্বল সময় কাটালেন প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ