শনিবার, ২৩ মে ২০২৬

ফরিদপুরে কামারদের বেচাকেনা কম, হতাশায় সময় কাটছে

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে কামারদের বেচাকেনা কম, হতাশায় সময় কাটছে
শনিবার, ২৩ মে ২০২৬



ফরিদপুরে কামারদের বেচাকেনা কম, হতাশায় সময় কাটছে

ফরিদপুর প্রতিনিধি : পবিত্র ঈদুল আজহা সামনে রেখে ফরিদপুরে জমে উঠতে শুরু করেছে কোরবানির প্রস্তুতি। প্রতি বছরের মতো এবারও কোরবানির পশু জবাইয়ের জন্য প্রয়োজনীয় লোহার তৈরি বিভিন্ন সরঞ্জাম বিক্রি শুরু হয়েছে । তবে প্রত্যাশিত বেচাকেনা না হওয়ায় হতাশায় সময় পার করছেন জেলার কামাররা।
শহরের গোরস্থান সংলগ্ন মোড় এলাকায় কয়েকটি কামারের দোকানে খোঁজ নিয়ে জানা যায়, অন্যান্য বছরের তুলনায় এবার বিক্রি অনেকটাই কম। বর্তমানে তারা চাপাতি, ছুরি, বটি, কাস্তে ও ভোজালিসহ বিভিন্ন ধরনের অস্ত্রপাতি তৈরি ও বিক্রি করছেন।
কামারদের সঙ্গে কথা বলে জানা গেছে, বড় ছুরি ৪০০ টাকা, মাঝারি ছুরি ৩০০ টাকা এবং ছোট ছুরি ২০০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া চাপাতির দাম ৮০০ থেকে ১২০০ টাকা, বটির দাম ১০০০ থেকে ১২০০ টাকা, কাস্তে ৩০০ থেকে ৪০০ টাকা এবং ভোজালির দাম ৪০০ টাকা রাখা হয়েছে।
স্থানীয় কামার বাদল কর্মকার জানান, গত বছরের তুলনায় এবার বিক্রি কম হলেও দাম কিছুটা কম রাখতে হয়েছে। তিনি বলেন, “এখনো ঈদের কয়েকদিন বাকি রয়েছে। শহরের অনেক মানুষ ছুটিতে গ্রামের বাড়িতে চলে গেছেন। আশা করছি শেষ সময়ে বেচাকেনা বাড়বে।”
এদিকে ঈদুল আজহাকে সামনে রেখে সকাল থেকে গভীর রাত পর্যন্ত দোকানে বসে লোহা পিটিয়ে বিভিন্ন সরঞ্জাম তৈরি করতে ব্যস্ত সময় পার করছেন কামাররা।

বাংলাদেশ সময়: ২৩:১৭:৩০   ১৪ বার পঠিত