![]()
কুমিল্লা সীমান্তে অভিযান চালিয়ে ২০ লাখ ভারতীয় রুপিসহ ফিমা আক্তার (৩০) নামে এক নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃত ওই নারী কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পিপুলিয়া গ্রামের খোকন মিয়ার স্ত্রী।
শুক্রবার (২২ মে) সন্ধ্যা সোয়া ৬টার দিকে জেলার আদর্শ সদর উপজেলার বড়জ্বালা বর্ডার অবজারভেশন পোস্টের (বিওপি) একটি টহল দল বামইল দীঘিরপাড় সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করে।
ব্রাহ্মণবাড়িয়া সুলতানপুর-৬০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম শরিফুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এ সময় ২০ লাখ ভারতীয় রুপি ও একটি মোবাইল ফোনসহ ফিমা আক্তারকে আটক করা হয়। জব্দকৃত ভারতীয় মুদ্রার বাংলাদেশি বাজারমূল্য প্রায় ২৫ লাখ ৮০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিজ্ঞপ্তিতে বিজিবি আরও জানায়, সীমান্তে নিরাপত্তা রক্ষা, অবৈধ অনুপ্রবেশ, নারী-শিশু পাচার, মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
বাংলাদেশ সময়: ২১:৪৪:৩৩ ১৫ বার পঠিত