হার দিয়ে সিটি অধ্যায় শেষ করলেন গার্দিওলা

প্রথম পাতা » খেলাধুলা » হার দিয়ে সিটি অধ্যায় শেষ করলেন গার্দিওলা
রবিবার, ২৪ মে ২০২৬



হার দিয়ে সিটি অধ্যায় শেষ করলেন গার্দিওলা

স্বপ্নের মতো শুরু, কিন্তু শেষটা হলো হতাশায় মোড়া। দুই ভিন্ন অর্ধে দুই রূপ দেখা গেল ম্যানচেস্টার সিটির। প্রথমার্ধে আক্রমণাত্মক ফুটবলে প্রতিপক্ষকে চাপে রাখলেও দ্বিতীয়ার্ধে অ্যাস্টন ভিলার গতির সামনে অসহায় আত্মসমর্পণ করেছে পেপ গার্দিওলার দল। শেষ পর্যন্ত ২-১ গোলের হারে বিদায়ী রাতে তেতো স্মৃতি নিয়েই মৌসুম শেষ করল ম্যানচেস্টার সিটি।

ইংলিশ প্রিমিয়ার লিগের শেষ রাউন্ডে রোববার (২৪ মে) ইতিহাদ স্টেডিয়ামে শুরু থেকেই দাপট দেখায় সিটিজেনরা। ২৩তম মিনিটে সেই আধিপত্যের ফলও পেয়ে যায় সিটি। কর্নার থেকে আসা বলে ভিলার এক ডিফেন্ডারের ফ্লিক পেয়ে পেছনের পোস্টে অনায়াসে জাল খুঁজে নেন আন্তোয়ান সেমেনিও। প্রথমার্ধে ব্যবধান বাড়ানোর আরও দুটি পরিষ্কার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি সিটি।

বিরতির পর বদলে যায় ম্যাচের চিত্র। প্রথমার্ধে কোনো শটই নিতে না পারা ভিলা ৪৭তম মিনিটেই সমতায় ফেরে। কর্নার থেকে জন স্টোনসের হেড অলি ওয়াটকিন্সের গায়ে লেগে সামনে চলে আসে, দ্রুত প্রতিক্রিয়ায় কাছ থেকে গোল করেন ইংলিশ ফরোয়ার্ড।

এরপর ৬১তম মিনিটে আবারও আঘাত হানে ভিলা। অফসাইডের ফাঁদ ভেঙে দৌড়ে গিয়ে স্টোনসকে কাটিয়ে দুর্দান্ত শটে নিজের দ্বিতীয় গোল করেন ওয়াটকিন্স।

ম্যাচের মাঝপথে আবেগঘন বিদায় নেন বের্নার্দো সিলভা ও জন স্টোনস। গার্ড অব অনার আর দর্শকদের করতালিতে মাঠ ছাড়ার সময় সিলভার চোখে জল দেখা যায়। ডাগআউটে দাঁড়িয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন বিদায়ী কোচ গার্দিওলাও।

শেষ দিকে ফিল ফোডেন বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোল বাতিল হয়। ভিএআরের সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে ওঠে ইতিহাদের গ্যালারি। ৩৮ ম্যাচ শেষে ৭৮ পয়েন্ট নিয়ে লিগে রানার্সআপ হিসেবেই মৌসুম শেষ করল সিটি। একই সঙ্গে শেষ হলো গার্দিওলার এক গৌরবময় অধ্যায়।

বাংলাদেশ সময়: ২৩:৫৭:২৩   ১৭৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


বেতিসকে হারিয়ে ৫৮ বছর পর রিয়ালের রেকর্ড স্পর্শ বার্সেলোনার
ঢাকায় ফিফা সভাপতি ইনফান্তিনো
প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩৩ রানে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
ম্যানচেস্টার সিটির সাতে সাত, পিছিয়ে পড়েও জিতল লিভারপুল
জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
সিটিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বসুন্ধরা কিংসের
এল ক্লাসিকোতে ‘বিশেষ’ জার্সি’ পড়ে খেলতে মাঠে নামবে বার্সেলোনা
পিএসজি হতে পারে ক্লাব ফুটবলের রোল মডেল
শেষের ৭ মিনিটের ঝড়ে রোমাকে হারিয়ে রিয়ালের অবিশ্বাস্য জয়
বারকোলার হ্যাটট্রিক, লাস্কের জালে লিভারপুলের গোলোৎসব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ