সোমবার, ২৫ মে ২০২৬

প্রথমবারের মতো বিভাগীয় শহরে বুয়েট শিক্ষার্থীদের নিজস্ব বাসে ঈদযাত্রা

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রথমবারের মতো বিভাগীয় শহরে বুয়েট শিক্ষার্থীদের নিজস্ব বাসে ঈদযাত্রা
সোমবার, ২৫ মে ২০২৬



প্রথমবারের মতো বিভাগীয় শহরে বুয়েট শিক্ষার্থীদের নিজস্ব বাসে ঈদযাত্রা

প্রথমবারের মতো বিভাগীয় শহরগুলোতে নিজস্ব বাসে শিক্ষার্থীদের ঈদযাত্রার ব্যবস্থা করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কর্তৃপক্ষ। টার্ম ফাইনাল পরীক্ষার সময়সূচি পুনঃনির্ধারণের কারণে শিক্ষার্থীদের বাড়ি ফেরা নিয়ে তৈরি হওয়া সংকট নিরসনে এই উদ্যোগ নেয়া হয়।

জানা যায়, টার্ম ফাইনাল পরীক্ষার ২৩ ও ২৪ মে পুনঃনির্ধারণ করা হলে ঈদ উপলক্ষে বাড়ি যাওয়ার পরিকল্পনায় বড় ধরনের সমস্যায় পড়েন শিক্ষার্থীরা। সাধারণত ঈদযাত্রার টিকিট ১০ দিন আগেই সংগ্রহ করতে হয়। কিন্তু নতুন সময়সূচির কারণে অনেক শিক্ষার্থী পরিকল্পনা অনুযায়ী বাস কিংবা ট্রেনের টিকিট কাটতে পারেননি।

এমন পরিস্থিতিতে শিক্ষার্থীদের নির্বিঘ্নে বাড়ি পৌঁছাতে বুয়েট কর্তৃপক্ষ বিভাগীয় শহরগুলোতে নিজস্ব বাস সার্ভিস চালুর সিদ্ধান্ত নেয়। রোববার সকাল থেকেই বুয়েট গেটে শিক্ষার্থীদের ভিড় দেখা যায়। ঈদযাত্রাকে ঘিরে ক্যাম্পাসে ছিল উৎসবমুখর পরিবেশ।

শিক্ষার্থীদের জন্য তিনটি বাসের ব্যবস্থা করা হয়। একটি রংপুর রুটে, একটি খুলনা রুটে এবং অপরটি কুমিল্লা হয়ে চট্টগ্রাম রুটে যাত্রা করে।

সকাল থেকেই পুরো কার্যক্রম তদারকি করেন বুয়েটের উপাচার্য প্রফেসর ড. একরামুল হক এ সময় তিনি বলেন, ‘সম্পূর্ণ বিশেষ কারণে এই উদ্যোগ নেয়া হয়েছে। আমি দায়িত্ব নেয়ার পর দেখলাম পরীক্ষাগুলো ঈদের পরে চলে যাচ্ছিল। আমি সবসময় চাই সেশনজট যেন না হয় এবং একাডেমিক ক্যালেন্ডার সময়মতো শেষ হয়। সেজন্য কিছু পরীক্ষা ঈদের আগে নেয়ার উদ্যোগ নেয়া হয়। কিন্তু এতে শিক্ষার্থীদের বাড়ি যাওয়া নিয়ে সমস্যা তৈরি হয়। শিক্ষার্থীদের অনুরোধের পরিপ্রেক্ষিতে আমরা এই ব্যবস্থা করেছি।’

তিনি আরও বলেন, ‘আমার ধারণা ছিল খুব বেশি শিক্ষার্থী হয়তো যাবে না। কিন্তু এখন দেখছি অনেক শিক্ষার্থী এই সুবিধা গ্রহণ করছে।’ একই সঙ্গে তিনি শিক্ষার্থীদের নিরাপদে বাড়ি পৌঁছানোর প্রত্যাশা ব্যক্ত করেন।

এছাড়াও এ সময় উপস্থিত ছিলেন প্রফেসর ড. তানভীর মঞ্জুর।

এদিকে একসঙ্গে বিশ্ববিদ্যালয়ের বাসে বাড়ি যেতে পেরে আনন্দ প্রকাশ করেন শিক্ষার্থীরা। তারা জানান, প্রথমবারের মতো এমন উদ্যোগ নেয়ায় তারা বুয়েট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞ।

শিক্ষার্থীদের মতে, এই উদ্যোগ শুধু তাদের যাত্রা সহজ করেনি, বরং ঈদের আনন্দ আরও বাড়িয়ে দিয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:২০:৫৫   ১২ বার পঠিত