![]()
সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সদরপুর উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নে জমিতে ঘাস কাটার সময় বজ্রপাতে শেখ সামাদ (৭৬) নামে এক বৃদ্ধ কৃষকের মৃত্যু হয়েছে। আজ সোমবার (২৫ মে) দুপুরে উপজেলার সলিমুদ্দিন ফকিরের ডাঙ্গী গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শেখ সামাদ ওই গ্রামের মৃত শেখ ইয়াজউদ্দিনের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুর আনুমানিক ১টার দিকে শেখ সামাদ বাড়ির পাশের একটি জমিতে গরুর জন্য ঘাস কাটতে যান। এসময় আকাশ মেঘাচ্ছন্ন হয়ে হঠাৎ বজ্রপাত ঘটলে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তার স্ত্রী মোসাঃ ছাহেরা বেগমের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে দ্রুত উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতাল কর্তৃপক্ষের সংবাদ পেয়ে সদরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ মিনারুল কাজী সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। পুলিশ লাশটি হেফাজতে নিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে।
সদরপুর থানা পুলিশ জানায়, মরদেহের সুরতহাল সম্পন্ন হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে।
বাংলাদেশ সময়: ১৭:৪৫:৪৫ ৩৪ বার পঠিত