মঙ্গলবার, ২৬ মে ২০২৬

সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার
মঙ্গলবার, ২৬ মে ২০২৬



সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ৭৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ভারতীয় এক নাগরিককে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১ এর একটি দল।

গ্রেপ্তার এ ব্যক্তি মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে র‌্যাব।

সোমবার (২৫ মে) রাত সাড়ে আটটার দিকে চিটাগাং রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান র‌্যাব-১১ এর অপারেশন অফিসার ক্যাপ্টেন রওনক এরফান খান।

গ্রেপ্তার আব্দুল্লাহ হীল বাকি (২৩) ভারতের ত্রিপুরা রাজ্যের সেপাহিজালা থানার কালশিমুড়ার বৈশকালা গ্রামের আবদুল কাশেমের ছেলে।

প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে আসামির দেওয়া তথ্যের বরাতে র‌্যাব কর্মকর্তা রওনক এরফান খান জানান, ত্রিপুরা রাজ্যের অধিবাসী আব্দুল্লাহ সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য।

“সে প্রায় সময় ভারত থেকে ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে কুমিল্লা জেলার বুড়িচং থানার শংকুচাইল এলাকায় অবস্থান করে মাদক ব্যবসা করে পুনরায় নিজ দেশ ভারত ফিরে যায়। সে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে নিষিদ্ধ মাদকদ্রব্যের বড় আকারের চালান দীর্ঘদিন যাবৎ আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য অভিনব কৌশলে সংগ্রহ করে নারায়ণগঞ্জ ও ঢাকার এর আশেপাশের জেলায় বহন, সরবরাহ এবং বিক্রয় করে আসছে।”

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতের অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তরের কথা বিজ্ঞপ্তিতে জানিয়েছে র‌্যাব।

বাংলাদেশ সময়: ২৩:২৫:০৬   ৯ বার পঠিত