![]()
কালবৈশাখী ঝড়ে ঘরবাড়ি হারিয়ে অসহায় হয়ে পড়া মনোয়ারা বেগমের পাশে দাঁড়িয়ে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোণা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।
আজ দুপুরে জেলার কলমাকান্দা উপজেলার বড়খাপন ইউনিয়নের বড়খাপন গ্রামে ডেপুটি স্পিকারের ব্যক্তিগত উদ্যোগে নির্মিত নতুন ঘরটি আনুষ্ঠানিকভাবে মনোয়ারা বেগমের কাছে হস্তান্তর করা হয়। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে নতুন ঘর পেয়ে আনন্দে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৬ এপ্রিল ভয়াবহ কালবৈশাখী ঝড়ে ৫৯ বছর বয়সী মনোয়ারা বেগমের একমাত্র বসতঘরটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে যায়।
স্বামীকে বহু আগেই হারানো এই নারী পাঁচ বছর আগে সড়ক দুর্ঘটনায় তার একমাত্র পুত্র সন্তানকেও হারান। ফলে ঝড়ের পর আশ্রয়হীন হয়ে তিনি চরম মানবেতর জীবনযাপন করতে থাকেন।
গত ২৮ এপ্রিল স্থানীয় কন্টেন্ট ক্রিয়েটর আব্দুর রশিদ সামাজিক যোগাযোগ মাধ্যমে মনোয়ারা বেগমের অসহায় অবস্থার বিষয়টি তুলে ধরলে, তা সবার নজরে আসে।
বিষয়টি জানতে পেরে, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল তাৎক্ষণিকভাবে ওই নারীর খোঁজখবর নেন এবং নতুন ঘর নির্মাণের আশ্বাস দেন।
প্রতিশ্রুতি অনুযায়ী অত্যন্ত অল্প সময়ের মধ্যেই নতুন ঘর নির্মাণের কাজ সম্পন্ন করে, ঈদ উপহার হিসেবে তা আজ মনোয়ারা বেগমের হাতে তুলে দেওয়া হয়।
নতুন ঘর পেয়ে মনোয়ারা বেগম বলেন, ‘ঝড়ে আমার সব শেষ হয়ে গিয়েছিল। কোথায় থাকবো বুঝতে পারছিলাম না। ডেপুটি স্পিকার মহোদয় আমাকে নতুন ঘর করে দিয়েছেন। আমি তার জন্য আল্লাহর কাছে দোয়া করি।’
ঘর হস্তান্তর অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
স্থানীয়রা জানান, একজন অসহায় নারীর পাশে দাঁড়িয়ে ডেপুটি স্পিকার কায়সার কামাল যে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেবে।
বাংলাদেশ সময়: ২৩:৪৩:১৭ ১০ বার পঠিত