![]()
জামালপুর প্রতিনিধি : পবিত্র ঈদুল আজহার আনন্দের দিনেই জামালপুরের সরিষাবাড়ীতে এক দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে উপজেলার মহাদান ফয়েজের মোড় এলাকার বাসিন্দা হাসান আলীর বাড়িতে এই চুরির ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ঈদের দিন হওয়ায় পরিবারের সবাই যখন কোরবানির ব্যস্ততায় ছিলেন, ঠিক সেই সুযোগে চোর ঘরে প্রবেশ করে। ঘরের আলমারি ভেঙে নগদ ৫ হাজার টাকাসহ ১ ভরি ওজনের দুটি স্বর্ণের চেইন লুটে নেয় সে।
হাসান আলীর স্ত্রী সেলিনা বেগম জানান, তিনি ঘরের কপাটে তালা না লাগিয়ে কেবল ছিটকিনি আটকে পাশের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। কিছুক্ষণ পর বাড়ি ফিরে ঘরের দরজা খোলা দেখতে পান। ভেতরে ঢুকে জিনিসপত্র এলোমেলো দেখে সন্দেহ হলে তিনি খাটের নিচে এক ব্যক্তিকে লুকিয়ে থাকতে দেখেন।
সেলিনা বেগমের চিৎকারে আশপাশের নারীরা ছুটে এসে চোরকে হাতেনাতে ধরে ফেলেন। এ সময় বেগতিক দেখে চোর তার কাছে থাকা চুরির নগদ ৫ হাজার টাকা তাৎক্ষণিক ফেরত দেয় এবং সবাইকে একটা ঝটকা মেরে দ্রুত ঘটনাস্থল থেকে চম্পট দেয়। পরে ভুক্তভোগী পরিবার আলমারি তল্লাশি করে দেখতে পায় যে, নগদ টাকা ফেরত দিলেও ১ ভরি ওজনের দুটি স্বর্ণের চেইন নিয়ে গেছে সে।
স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত চোরের নাম রমজান আলী (২৮)। সে পার্শ্ববর্তী মাদারগঞ্জ উপজেলার কয়ড়া বাজার এলাকার বাসিন্দা এবং মহাদান এলাকার এক ব্যক্তির আত্মীয়। খোঁজ নিয়ে জানা গেছে, রমজান তীব্র মাদকাসক্ত ও পেশাদার চোর হওয়ায় তার আত্মীয়রা কেউই এখন তার পরিচয় দিতে চাচ্ছেন না।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ইকবাল হোসেন জানান, “ঘটনাটি সম্পর্কে এখনো থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
বাংলাদেশ সময়: ১৮:১০:২২ ৩০ বার পঠিত