![]()
প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, আগামী বাজেট হবে যুব এবং ব্যবসাবান্ধব। যেখানে নতুন নতুন কলকারখানা সৃষ্টির মাধ্যমে যুবকদের বেকারত্ব দূর করে যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে।
তিনি বলেন, জেলার বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) শিল্পনগরীর অনেক প্লট এখনো বরাদ্দের অভাবে শিল্প উৎপাদনে যেতে পারছে না। এখনও লাল ফিতার দৌরাত্ম্য রয়েছে। এসব সমস্যা দূর করে বিসিক শিল্পনগরী পুরোপুরি চালুর মাধ্যমে আমরা যুবকদের জন্য কর্মসংস্থান গড়তে চাই।
আজ শুক্রবার রাজবাড়ী পৌরসভা মিলনায়তনে জেলা প্রশাসন আয়োজিত জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, যুবকদের শারীরিক, মানসিক উৎকর্ষতার জন্য নতুন ‘কুঁড়ি স্পোর্টস’- এর বিকাশ ঘটাতে হবে। ক্রীড়া ক্ষেত্রে আমাদের আরও এগিয়ে আসতে হবে। ইউনিয়ন ও উপজেলা পর্যায় থেকে খেলোয়াড় বাছাই করে সংস্কৃতি ও মানবিক মূল্যবোধের বিকাশ ঘটানো প্রয়োজন।
উপদেষ্টা বলেন, কর্মঠ যুবকরাই আগামী দিনের সম্পদ। সরকার স্বল্প সুদে ঋণের মাধ্যমে যুবকদেরকে স্বাবলম্বী করতে চায়। এ জন্যে বন্ধ শিল্পকারখানা চালু করার মধ্য দিয়ে যুব বেকারত্বর অবসান করতে হবে। শিল্পে বিপ্লব ঘটাতে হবে। নারীর প্রতি বৈষম্য দূর করে নারীদের মধ্য থেকে আরও উদ্যোক্তা সৃষ্টি করতে হবে।
অনুষ্ঠানে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম বলেন, এ জেলার উন্নয়ন পরিকল্পনার সমন্বয় করতে জেলা মানুষকে নিয়ে আমরা শীঘ্রই বসতে চাই। আপনাদের পরামর্শে জেলার সব সমস্যা দূর করতে চাই।
রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীনের সভাপতিত্বে মতবিনিময় সভায় রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুনুর রশীদ, রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক মো. আব্দুস সালাম মিয়া, পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ, সিভিল সার্জন ডা. এস এম মাসুদ, জেলা চেম্বার অফ কমার্সের সভাপতি এনামুল কবির, বীর মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী, ছাত্র প্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২৩:২৮:৩১ ১০ বার পঠিত