বুধবার, ৩ জুন ২০২৬

সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত

প্রথম পাতা » খুলনা » সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত
বুধবার, ৩ জুন ২০২৬



সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত

সাতক্ষীরা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নাগরিক গুরুতর আহত হয়েছেন। অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় বিএসএফের টহল দল তাদের লক্ষ্য করে গুলি চালালে এ ঘটনা ঘটে।

বুধবার (৩ জুন) ভোররাত আনুমানিক ২টার দিকে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার শীতলপুর গ্রামের মো. গোলাম রাব্বানীর ছেলে মো. মহিউদ্দিন (৪২) এবং একই গ্রামের মৃত খাজের আলী সরদারের ছেলে মো. শাহীন (২৮)।

স্থানীয় বাসিন্দা ও পারিবারিক সূত্রে জানা গেছে, পেশায় রাজমিস্ত্রি মহিউদ্দিন ও শাহীন প্রায় এক বছর আগে অবৈধ পথে সীমান্ত পার হয়ে ভারতে যান। সেখান থেকে তামিলনাড়ু রাজ্যে গিয়ে তারা রাজমিস্ত্রির কাজ শুরু করেন। ঈদ উপলক্ষে তারা একইভাবে সীমান্ত পেরিয়ে নিজ বাড়িতে ফিরছিলেন। এ সময় সীমান্তে বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি চালালে তারা আহত হন।

সাতক্ষীরার কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল হোসেন জানান, গুলিবিদ্ধ অবস্থায় তাদেরকে কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উদ্ধার করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গুলিবিদ্ধ শাহীনের ভাই ফারুক হোসেন, আত্মীয় আলমগীর হোসেন এবং মহিউদ্দিনের ছোট ভাই ইসারাত জানান, তারা ঠিক কোন সীমান্ত এলাকা দিয়ে প্রবেশ করছিলেন, তা তারা সুস্থ না হওয়া পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান ডা. শরিফুল ইসলাম জানিয়েছেন, আহতদের একজনের হাতে এবং অপরজনের পিঠে গুলি লেগেছে। তবে গুলিবিদ্ধ দুজনেই বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছেন।

এদিকে, এ ঘটনার বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্তৃপক্ষের তরফ থেকে এখন পর্যন্ত কোনো তথ্য নিশ্চিত করা হয়নি।

বাংলাদেশ সময়: ১৬:৩৬:২৬   ২৯ বার পঠিত