![]()
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জে চোরাই গরুসহ বাবলু মিয়া (৩২) নামে এক কুখ্যাত গরু চোরকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। আটককৃত বাবলু মিয়া পার্শ্ববর্তী সরিষাবাড়ী উপজেলার কামরাবাদ ইউনিয়নের বড়বাড়িয়া গ্রামের শাজাহান শেখের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে মাদারগঞ্জ উপজেলার সিধুলী ইউনিয়নের সরদাবাড়ি গ্রামের সামিউল ইসলাম তার গরুটি মাঠে ঘাস খাওয়ানোর জন্য বেঁধে রেখে জুম্মার নামাজে যান। নামাজ শেষে মাঠে ফিরে তিনি দেখেন গরুটি যথাস্থানে নেই।
এদিকে, চোর বাবলু মিয়া গরুটি চুরি করে প্রথমে ভাটারা বাজার এলাকায় মাসুদ মিয়া নামে এক গরু ব্যবসায়ীর কাছে বিক্রির চেষ্টা করেন। কিন্তু বাজারের তুলনায় গরুর দাম অস্বাভাবিক কম চাওয়ায় মাসুদ মিয়াসহ স্থানীয়দের সন্দেহ হয়। সন্দেহভাজন চোর বাবলুর কাছ থেকে কেউ গরু না কেনায়, সে গরুটি নিয়ে জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের দিকে রওনা দেয়।
এদিকে গরুর মালিক সামিউল চুরির বিষয়টি বুঝতে পেরে লোকবল নিয়ে ভাটারা এলাকায় খোঁজাখুঁজি শুরু করেন। সেখানে এসে তিনি জানতে পারেন, এক মাদকাসক্ত ব্যক্তি কম দামে গরু বিক্রির চেষ্টা করে মেষ্টা ইউনিয়নের দিকে নিয়ে গেছেন। সংবাদ পেয়ে সামিউল ও স্থানীয় জনতা দ্রুত ওই এলাকায় ধাওয়া করেন এবং জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের ঢোলুবাড়িঘাট এলাকায় গরুসহ চোর বাবলু মিয়াকে হাতেনাতে আটকে ফেলেন। পরে সামিউল সেখানে পৌঁছে নিজের গরুটি শনাক্ত করেন।
ঘটনাটি তাৎক্ষণিকভাবে মাদারগঞ্জ উপজেলার শ্যামগঞ্জ কালিবাড়ি তদন্ত কেন্দ্রের পুলিশকে জানানো হলে, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চোরাই গরু উদ্ধার এবং চোর বাবলু মিয়াকে আটক করে থানায় নিয়ে আসে।
শ্যামগঞ্জ কালিবাড়ি তদন্ত কেন্দ্র পুলিশ জানায়,”চোরাই গরুসহ এক চোরকে জনতা আটক করে পুলিশে হস্তান্তর করেছে। আটককৃত আসামির বিরুদ্ধে গরু চুরির নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করার আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।”
বাংলাদেশ সময়: ১১:৪২:১৭ ৩৬ বার পঠিত