![]()
ফিটনেস নিয়ে কিছুটা উদ্বেগ আছে। লিওনেল স্ক্যালোনি হন্ডুরাসের বিপক্ষে তাই দলের সেরা তারকা মেসিকে খেলালেনই না। কাতার বিশ্বকাপ জয়ী ফুটবলার পুরোটা সময় কাটালেন বেঞ্চে বসে। তবে তাতে আর্জেন্টিনার জয় পেতে কোনো কষ্ট হলো না।
তিনবারের চ্যাম্পিয়নরা ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতি শুরু করলো ২-০ গোলের সহজ জয় দিয়ে। লাওতারো মার্টিনেজ পেনাল্টি থেকে আর্জেন্টিনাকে এগিয়ে দেওয়ার পর দ্বিতীয় গোলটি করেন গিউলিয়ানো সিমিওনে। ১০ জুন তারা শেষ প্রস্তুতি ম্যাচটি খেলবে আইসল্যান্ডের বিপক্ষে।
হন্ডুরাসের ফিফা র্যাঙ্কিং ৬৬। আর আর্জেন্টিনার? মেসিরা দুদিন আগেই শীর্ষে উঠেছেন। র্যাঙ্কিংয়ে দুদলের এই পার্থক্যের ছাপ পড়লো টেক্সাসের কলেজ স্টেশন মাঠেও। বল দখলে স্ক্যালোনির শিষ্যরা তো এগিয়ে ছিলই, হন্ডুরাসকে আক্রমণ করেও ব্যতিব্যস্ত রেখেছে। বিপরীতে মধ্য আমেরিকার দেশটির একটি শটও আর্জেন্টিনার জাল বরাবর ছিল না।
আর্জেন্টিনা প্রথম বড় সুযোগ তৈরি করেছিল ম্যাচের ১১ মিনিটে। সিমিওনের বানিয়ে দেওয়া বলে গোলপোস্টের কাছে থেকে হেড করেছিলেন মার্টিনেজ। হন্ডুরাস গোলরক্ষক নিরাপদে বল তালুবন্দি করেন। মার্টিনেজ কিছুক্ষণ পর আবার সুযোগ পেয়েছিলেন, প্রথম শট ব্লক হয়ে যাওয়ার পর তালগোল পাকিয়ে ফেলায় পরে আর শট নিতে পারেননি তিনি।
অবশেষে এই মার্টিনেজই ম্যাচের ডেডলক ভাঙেন। ৩৪ মিনিটে নিকোলাস ত্যাগলিয়াফিকো হন্ডুরাসের ডি বক্সে ফাউলের শিকার হলে রেফারি পেনাল্টি দেন। মার্টিনেজের নেওয়া শট ফেরাতে হন্ডুরাস গোলরক্ষক ঝাঁপিয়ে পড়লেও বলের নাগাল পাননি। আর্জেন্টিনার পরের গোলটি দ্বিতীয়ার্ধের ৯ মিনিটের মাথায়। ডি বক্সের ভেতর মার্টিনেজের ব্যাকপাস থেকে গোল করেন সিমিওনে।
বাংলাদেশ সময়: ১০:৫৭:৪৮ ১৩ বার পঠিত