![]()
জাতীয় সংসদে ১৬ জন সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, হুইপ ও সংসদ সদস্যের মৃত্যুতে সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম আজ ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশনের প্রথম কার্য দিবসে এ শোক প্রস্তাব উত্থাপন করেন।
যাঁদের মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয়েছে তারা হলেন, সাবেক হুইপ ও প্রতিমন্ত্রী সৈয়দ মো. কায়সার, গাজীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী অধ্যাপক এম. এ. মান্নান, চাঁদপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য জি এম ফজলুল হক, মানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য এ বি এম আনোয়ারুল হক, সাবেক টেকনোক্রেট মন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ, নীলফামারী-২ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. সামসুদ্দোহা, নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আবু নূর মোহাম্মদ বাহাউল হক, সুনামগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য দেওয়ান শামসুল আবেদীন, মানিকগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলন, ময়মনসিংহ-৬ আসনের সাবেক সংসদ সদস্য মো. মোসলেম উদ্দিন, চট্টগ্রাম-১ আসনের সাবেক সংসদ-সদস্য ও মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, মুন্সিগঞ্জ-২ আসনের সাবেক সংসদ-সদস্য ও প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা, ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ-সদস্য আলহাজ্ব মো. দবিরুল ইসলাম, ভোলা-১ আসনের সাবেক সংসদ-সদস্য ও মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ, মৌলভীবাজার-২ আসনের সাবেক সংসদ-সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মতিন ও ঢাকা-১১ আসনের সাবেক সংসদ সদস্য এ কে এম রহমত উল্লাহ।
তাঁদের মৃত্যুতে জাতীয় সংসদ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়েছে।
এছাড়া বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক দিলারা হাফিজ (বর্তমান স্পিকারের সহধর্মিণী); ভাষা-কন্যা ও জাতীয় অধ্যাপক সুফিয়া আহমেদ; মরণোত্তর একুশে পদকপ্রাপ্ত কবি ও সাংবাদিক হেলাল হাফিজ; সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সংগীতজ্ঞ ও ছায়ানটের সভাপতি সন্জীদা খাতুন; প্রখ্যাত সংগীতশিল্পী গবেষক ও লেখক মুস্তফা জামান আব্বাসী; রাজনীতিবিদ বুদ্ধিজীবী ও লেখক বদরুদ্দীন উমর; একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট নজরুল সংগীতশিল্পী ডালিয়া নওশীন; বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. মো. আব্দুল কুদ্দুস; স্বাধীনতা পদকপ্রাপ্ত বরেণ্য অভিনেতা নাট্যকার, নির্দেশক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আতাউর রহমান; সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ. জেড. এম. জাহিদ হোসেনের মা বিশিষ্ট শিক্ষিকা বেগম জেবুন্নেছা; বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিউল বারী (বাবু) ও বাংলাদেশি বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু একুশে পদকপ্রাপ্ত ত্রয়োদশ সংঘরাজ ড. জ্ঞানীশ্রী মহাস্থবির। তাঁদের মৃত্যুতে মহান জাতীয় সংসদে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়।
এছাড়াও দেশ ও বিদেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় প্রাণহানিতে জাতীয় সংসদে গভীর শোক প্রকাশ, নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করা হয়।
পরে সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাবটি গ্রহণ করা হয়।
মৃত্যুবরণকারীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন ও তাদের আত্মার শান্তি কামনা করে সংসদে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন সরকারি দলের হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান।
বাংলাদেশ সময়: ১৯:২৬:১৬ ১৫ বার পঠিত