বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

জামালপুরে যুবলীগের কেন্দ্রীয় নেতা শেখ রাসেল গ্রেফতার

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে যুবলীগের কেন্দ্রীয় নেতা শেখ রাসেল গ্রেফতার
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬



জামালপুরে যুবলীগের কেন্দ্রীয় নেতা শেখ রাসেল গ্রেফতার

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে ককটেল বিস্ফোরণ ও দেশীয় অস্ত্র নিয়ে হামলার ঘটনায় কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ রাসেলকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১১ জুন) দিবাগত রাত আড়াইটার দিকে সরিষাবাড়ী থানার কয়ড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

​গ্রেফতারকৃত শেখ রাসেল উপজেলার চুরিয়ার ভিটা মধ্যপাড়া এলাকার মোঃ সাহেব আলীর ছেলে। তিনি বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং ঢাকা কলেজ শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ২ অক্টোবর সরিষাবাড়ী থানায় দণ্ডবিধি এবং ১৯০৮ সালের বিস্ফোরক উপাদান আইনে দায়েরকৃত একটি মামলায় (মামলা নং- ০১) তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামী হিসেবে শেখ রাসেলকে গ্রেফতার করা হয়েছে।

​মামলার এজাহার অনুযায়ী, গত ২০২৪ সালের ৪ আগস্ট বিকাল আনুমানিক ৫টায় সারা দেশব্যাপী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা কর্মসূচীর অংশ হিসেবে ছাত্র-জনতার একটি মিছিল বের হয়। মিছিলটি সরিষাবাড়ী থানাধীন আরামনগর বাজার থেকে রওনা হয়ে শিমলাবাজার বাসস্ট্যান্ডের সামনে পৌঁছামাত্রই পূর্বপরিকল্পিতভাবে হামলা চালানো হয়।

ধৃত শেখ রাসেলসহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের প্রায় ১০০ থেকে ১৫০ জন নেতা-কর্মী লোহার পাইপ, রামদা এবং ককটেলসহ মারাত্মক দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সেখানে অবস্থান করছিল। মিছিলটি আসামাত্রই তারা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে চরম ভীতি সৃষ্টি করে এবং ছাত্র-জনতার ওপর এলোপাথারি মারপিট শুরু করে। হামলায় আন্দোলনকারী বহু মানুষ গুরুতর জখম হন।

সরিষাবাডনার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ইকবাল হোসেন জানান, ​মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। স্থানীয় তদন্ত এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত ঘটনার সাথে ধৃত আসামী শেখ রাসেলের সরাসরি জড়িত থাকার স্বপক্ষে পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে।

​এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত শেখ রাসেল অত্যন্ত উশৃঙ্খল প্রকৃতির এবং বিগত সরকারের আমলে এলাকায় রাজনৈতিক প্রভাব বিস্তার করে বিভিন্ন আগ্রাসনমূলক কর্মকাণ্ড পরিচালনা করতেন।

আজ (১১ জুন) সকালে গ্রেফতারকৃত আসামীকে যথাযথ পুলিশ পাহারায় জামালপুর বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে পুলিশের পক্ষ থেকে পরবর্তী আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:৫৩:২৬   ১০ বার পঠিত