![]()
ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুরে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের মাঝে “আইজিপি শিক্ষাবৃত্তি-২০২৫” প্রদান করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে শিক্ষাবৃত্তি, সনদপত্র ও শুভেচ্ছা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির উদ্যোগে, আইজিপির পৃষ্ঠপোষকতায় এবং কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির আওতায় এ শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
অনুষ্ঠানে পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ১০ জন শিক্ষার্থীকে সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষাবৃত্তি বিতরণ করেন ফরিদপুরের পুলিশ সুপার ও পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের সভাপতি মো. নজরুল ইসলাম, পিপিএম।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি, ফরিদপুর শাখার সভাপতি ও অবসরপ্রাপ্ত পুলিশ সুপার নূর মোহাম্মদ মোল্লা
আলোচনা সভায় অনুষ্ঠানের প্রধান অতিথির ভাষণে পুলিশ সুপার নজরুল ইসলাম বলেন শিক্ষার্থীদের এ সাফল্য শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং জাতির জন্যও গৌরবের বিষয়। তিনি শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধসম্পন্ন, শৃঙ্খলাবদ্ধ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
পাশাপাশি সময়ের সঠিক ব্যবহার, অধ্যবসায় ও নিয়মিত অধ্যয়নের মাধ্যমে ভবিষ্যতে দেশের নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জনের পরামর্শ প্রদান করেন তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফাতেমা ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শামছুল আজম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. রায়হান গফুর, পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল কায়ূম শেখ, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা। অনুষ্ঠানে শিক্ষার্থীদের সাফল্যে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
বাংলাদেশ সময়: ১৬:১১:৪৩ ৪৫ বার পঠিত