বুধবার, ১৭ জুন ২০২৬

নারায়ণগঞ্জকে আধুনিক মেগাসিটিতে রূপান্তরের মহাপরিকল্পনা: চায়না হারবারের সঙ্গে নাসিকের গুরুত্বপূর্ণ মতবিনিময়

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারায়ণগঞ্জকে আধুনিক মেগাসিটিতে রূপান্তরের মহাপরিকল্পনা: চায়না হারবারের সঙ্গে নাসিকের গুরুত্বপূর্ণ মতবিনিময়
বুধবার, ১৭ জুন ২০২৬



নারায়ণগঞ্জকে আধুনিক মেগাসিটিতে রূপান্তরের মহাপরিকল্পনা: চায়না হারবারের সঙ্গে নাসিকের গুরুত্বপূর্ণ মতবিনিময়

নারায়ণগঞ্জ বাংলাদেশের অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল হিসেবে দীর্ঘদিন ধরে সুনাম অর্জন করে আসছে। বাণিজ্যিক নগরী নারায়ণগঞ্জ-কে আধুনিক, পরিবেশবান্ধব ও যুগোপযোগী মেগাসিটি হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন-এর প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের সঙ্গে বৈশ্বিক অবকাঠামো নির্মাণ প্রতিষ্ঠান China Harbour Engineering Company (CHEC)-এর উচ্চপর্যায়ের প্রতিনিধিদল বৈঠক করেন।
বুধবার (১৭ জুন) দুপুরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় চায়না হারবারের পক্ষে নেতৃত্ব দেন ব্যবস্থাপনা পরিচালক ওয়াং ডা এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ খান।
সভায় প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান নগরবাসীর জীবনমান উন্নয়ন, নিরাপদ ও আধুনিক যোগাযোগ ব্যবস্থা, উন্নত চিকিৎসাসেবা এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে তাঁর সুদূরপ্রসারী নগর উন্নয়ন পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, একটি পরিকল্পিত, টেকসই ও জনবান্ধব নগর গড়ে তুলতে দীর্ঘমেয়াদি অবকাঠামোগত উন্নয়ন অপরিহার্য।
মতবিনিময় সভায় বেশ কয়েকটি সম্ভাবনাময় মেগা প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এর মধ্যে অন্যতম ছিল পরিবেশ সুরক্ষা ও বর্জ্য ব্যবস্থাপনায় যুগান্তকারী পরিবর্তন আনতে ৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ‘বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন’ প্রকল্প। এছাড়া নগরবাসীর জন্য আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ১ হাজার শয্যাবিশিষ্ট অত্যাধুনিক হাসপাতাল, একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ এবং নার্সিং সেন্টার স্থাপনের বিষয়েও আলোচনা করা হয়।
এছাড়া দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধান ও পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে এলআরটি (LRT) বা মনোরেল প্রকল্প, নগরজুড়ে বিশুদ্ধ পানির নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতকরণ এবং শহরের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে আধুনিক সেতু নির্মাণের পরিকল্পনাও গুরুত্ব পায়।
সভায় চায়না হারবারের প্রতিনিধিরা নারায়ণগঞ্জকে আধুনিক নগরীতে রূপান্তরের লক্ষ্যে গৃহীত পরিকল্পনাগুলোর ভূয়সী প্রশংসা করেন। তারা জানান, এসব বৃহৎ উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় কারিগরি সহায়তা, সম্ভাব্য বিনিয়োগ এবং অর্থায়নের ক্ষেত্রেও তাদের প্রতিষ্ঠান সর্বোচ্চ সহযোগিতা দিতে আগ্রহী।
নাসিক সূত্রে জানা গেছে, পারস্পরিক সহযোগিতা ও অংশীদারিত্ব আরও জোরদারের প্রত্যয় ব্যক্ত করে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সভার সমাপ্তি হয়। সংশ্লিষ্টদের আশা, এই সহযোগিতার মাধ্যমে দেশের অন্যতম শিল্প ও বাণিজ্যিক কেন্দ্র নারায়ণগঞ্জ অদূর ভবিষ্যতে একটি আধুনিক, টেকসই ও বিশ্বমানের মেগাসিটি হিসেবে আত্মপ্রকাশ করবে।
সভায় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এর পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, এম,আর কে এন্টারপ্রাইজ-এর কর্ণধার মেহাম্মদ রফিকুল ইসলাম রাতুল, সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং চীনা প্রতিনিধিদলের সদস্যরা।

বাংলাদেশ সময়: ১৬:২৩:১৪   ২০ বার পঠিত