
জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সম্পদ মিয়া (২৫) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার বিকেলে উপজেলার ভবানিপুর পশ্চিমপাড়া এলাকার পাকা রাস্তার ওপর থেকে তাকে গ্রেফতার করা হয়। তবে অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মোঃ হিরণ (৪০) নামের অপর এক মাদক কারবারি কৌশলে দৌড়ে পালিয়ে যায়।
আজ বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, সরিষাবাড়ী থানার এস.আই (নিঃ) মোঃ শাহিন মিয়ার নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল চাপারকোনা বাজার এলাকায় মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটিতে ছিলেন। এ সময় গোপন সংবাদ আসে যে, ভবানিপুর পশ্চিমপাড়া এলাকার জনৈক আলতাফ বিএসসির বাড়ির পাশের পাকা রাস্তায় মাদক বেচাকেনা চলছে।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছামাত্রই দুই ব্যক্তি পালানোর চেষ্টা করে। সঙ্গীয় ফোর্সের সহায়তায় পুলিশ সম্পদ মিয়াকে হাতেনাতে আটক করতে পারলেও হিরণ পালিয়ে যেতে সক্ষম হয়।
পরবর্তীতে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে বিধি মোতাবেক তল্লাশি চালানো হলে সম্পদ মিয়া তার পরিহিত লুঙ্গির ডান কোঁচ থেকে নিজ হাতে ২০ পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট বের করে দেয়। উদ্ধারকৃত ২ গ্রাম ওজনের এই ইয়াবার আনুমানিক বাজার মূল্য প্রায় ৬,০০০ টাকা। বিকেল পৌনে ৪টার দিকে জব্দ তালিকা মূলে মাদকসহ আসামিকে থানায় নেয় পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সম্পদ মিয়া স্বীকার করেছে যে, সে দীর্ঘদিন ধরে পলাতক আসামির সহযোগিতায় বিভিন্ন এলাকা থেকে মাদক সংগ্রহ করে সরিষাবাড়ীর উঠতি বয়সী যুবসমাজের কাছে বিক্রি করে আসছিল। এ ঘটনায় দুই আসামির বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সরিষাবাড়ী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ইকবাল হোসেন বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের এই অভিযান একটি নিয়মিত প্রক্রিয়া। যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে মাদক কারবারিদের কোনো ছাড় দেওয়া হবে না। ধৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছে এবং পলাতক আসামিকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”
বাংলাদেশ সময়: ১৪:৫২:০৬ ৫০ বার পঠিত