![]()
মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের মধুখালী উপজেলার গাজনা ইউনিয়নের ধোপাগাতি এলাকায় অবস্থিত বেঙ্গল চারকোল লিমিটেডে সংঘটিত চুরির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে মধুখালী থানা পুলিশ।
জানা গেছে, গত ৮ জুন রাত প্রায় ২টার দিকে বেঙ্গল চারকোল লিমিটেডের বিদ্যুতের ট্রান্সফরমারসহ বিভিন্ন মূল্যবান মালামাল চুরি হয়ে যায়। এ ঘটনায় প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ ১০ জুন মধুখালী থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটির নম্বর-১৩।
মামলার সূত্র ধরে তদন্ত শুরু করে মধুখালী থানা পুলিশ। এরই ধারাবাহিকতায় গত ১৭ জুন বুধবার রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মধুখালী থানার সাব-ইন্সপেক্টর অসিত কুমার, সাব-ইন্সপেক্টর তন্ময়, এএসআই আশরাফুল ইসলাম সহ পুলিশের একটি দল।
গ্রেপ্তারকৃতরা হলেন— মো. মতিন খান (৩৮), মো. দুলাল বিশ্বাস (৪৩) মো. জহির মিয়া (৩১) এবং মোঃ মজনু মুন্সি (৫৬)। তিনজন ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের মালাঙ্গা এলাকার বাসিন্দা ও একজন বালিয়াকান্দি উপজেলার বেতেঙ্গা গ্রামের বাসিন্দা।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব রায় জানান, চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে ফরিদপুরের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশের দাবি, মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং চুরি হওয়া মালামাল উদ্ধারে অভিযান চলছে।
বাংলাদেশ সময়: ১৯:৩৭:৫৮ ২২ বার পঠিত