যুক্তরাষ্ট্র-ইরানকে ‘বাস্তবসম্মত আলোচনার’ আহ্বান চীনের

প্রথম পাতা » আন্তর্জাতিক » যুক্তরাষ্ট্র-ইরানকে ‘বাস্তবসম্মত আলোচনার’ আহ্বান চীনের
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬



যুক্তরাষ্ট্র-ইরানকে ‘বাস্তবসম্মত আলোচনার’ আহ্বান চীনের

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়টিকে স্বাগত জানিয়েছে চীন। সেই সঙ্গে আসন্ন আলোচনায় উভয় দেশকে ‘যুক্তিসঙ্গত ও বাস্তববাদী’ অবস্থান গ্রহণের আহ্বান জানিয়েছে দেশটি।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারকটি আগামী শুক্রবার (১৯ জুন) সুইজারল্যান্ডের জেনেভায় আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হওয়ার কথা ছিল।

কিন্তু নির্ধারিত সময়ের দুদিন আগেই অর্থাৎ গত বুধবার (১৭ জুন) এটি স্বাক্ষরিত হয়েছে। যুক্তরাষ্ট্রের পক্ষে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও ইরানের পক্ষে দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এতে স্বাক্ষর করেন।

যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা আগামীকাল শুক্রবার (১৯ জুন) সুইজারল্যান্ডের পাহাড়ি অবকাশকেন্দ্র বুর্গেনস্টকে বৈঠকে বসবেন বলে সুইস পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে।

রয়টার্সের প্রতিবেদন মতে, সুইস পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘বর্তমান পরিস্থিতি অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইরান, মধ্যস্থতাকারী পাকিস্তান ও কাতার এবং সংশ্লিষ্ট অন্যান্য দেশগুলো আগামীকাল বুর্গেনস্টকে বৈঠক করবে। সেখানে চুক্তি বাস্তবায়ন নিয়ে প্রাথমিক আলোচনা অনুষ্ঠিত হবে।’

আজ বৃহস্পতিবার (১৮ জুন) এক নিয়মিত ব্রিফিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, ‘বেইজিং আশা করছে ওয়াশিংটন ও তেহরান চুক্তির অধীনে দেওয়া নিজেদের প্রতিশ্রুতিগুলোও যথাযথভাবে বাস্তবায়ন করবে।’

তিনি আরও বলেন, ‘চীন দুই পক্ষের মধ্যে সংলাপ ও আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির প্রচেষ্টাকে সমর্থন করে এবং চলমান কূটনৈতিক প্রক্রিয়ার ইতিবাচক অগ্রগতি প্রত্যাশা করে।’

এদিকে ইরানের পার্লামেন্ট স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ চীনের সঙ্গে সম্পর্ক জোরদারের গুরুত্ব তুলে ধরেছেন। তিনি বলেছেন, ইরানের জনগণের অর্থনৈতিক সমস্যার সমাধানে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সহযোগিতা বাড়ানো প্রয়োজন।

বুধবার (১৭ জুন) এক বিবৃতিতে গালিবাফ বলেন, ‘চীন আমাদের জন্য অবশ্যই একটি অনন্য অংশীদার। চীনের বিশ্বাস করা উচিত, আমরা শুধু তাদের একজন ক্রেতা বা বাণিজ্যিক অংশীদার নই; বরং শব্দটির প্রকৃত অর্থেই আমরা চীনের অংশীদার।’

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন কূটনৈতিক প্রক্রিয়া শুরু হলেও ইরান একই সঙ্গে চীনের মতো দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারদের সঙ্গে সম্পর্ক আরও গভীর করার চেষ্টা করছে। এতে দেশটির অর্থনীতি ও আঞ্চলিক অবস্থান শক্তিশালী করার লক্ষ্য রয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:৫৭:০১   ১১০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


শান্তিতে নোবেল পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিল্লাই
বিক্ষোভ ঘিরে উত্তেজনা, দিল্লিতে হাজার হাজার পুলিশ মোতায়েন
ফ্রান্সজুড়ে ফের বিক্ষোভে নামছে উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা
রসায়নে নোবেল জিতলেন হেনরি ও কেনসো
রাহুল-প্রিয়াঙ্কাকে আবারও আটক করল পুলিশ
অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক
নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত
৭০ বছর পর আসাম থেকে ঢাকার পথে প্রথম কার্গো জাহাজ
চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
আইপিইউ নির্বাহী কমিটিতে বাংলাদেশ থেকে ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী নির্বাচিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ