
আসন্ন স্থানীয় সরকার (ইউনিয়ন, সিটি কর্পোরেশন, পৌরসভা) নির্বাচনে বিএনপি সম্ভাব্য প্রার্থী হিসেবে কোনো সুবিধাবাদী-চাঁদাবাজকে সুযোগ দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন মহানগর বিএনপির আহ্বায়ক ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।
এবার প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে অন্তত পাঁচটি যোগ্যতা বিবেচনায় আনা হবেও জানিয়েছেন মহানগরের শীর্ষ এ নেতা।
শনিবার (২০ জুন) সকালে সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের কুতুবপুর এলাকায় আয়োজিত একটি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাখাওয়াত হোসেন খান বলেন, “আগামী স্থানীয় নির্বাচনগুলোতে যাদের জনপ্রতিনিধি বা প্রার্থী হিসেবে মূল্যায়ন করা হবে, তাদের মধ্যে থাকতে হবে বিগত ১৫ বছর ধরে বিএনপির রাজনীতিতে সক্রিয় থাকা, মাঠে-রাজপথে দলের জন্য কাজ করা, জেল-জুলুম, নির্যাতন ও মামলা-মোকদ্দমার শিকার হওয়া, সুখে-দুঃখে নেতা-কর্মীদের পাশে থাকা এবং স্থানীয়ভাবে গ্রহণযোগ্যতা অর্জন করা।”
তিনি আরও বলেন, প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে মাদক বা চাঁদাবাজির অভিযোগ ও মামলা রয়েছে, এমন কাউকে বিবেচনায় নেওয়া হবে না। এই পাঁচটি শর্তের ভিত্তিতেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনপ্রতিনিধি ও প্রার্থী নির্বাচন করবেন।
স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “৫ আগস্টের পর হঠাৎ করে বড় বিএনপি নেতা বনে যাওয়া ব্যক্তিদের মূল্যায়ন করা হবে না। এ বিষয়ে আপনারা নিশ্চিত থাকতে পারেন।”
তিনি বলেন, “কোনো সুবিধাবাদীকে সুযোগ দেওয়া যাবে না এবং তাদের ভোটও দেওয়া যাবে না। আগামী স্থানীয় নির্বাচনগুলোতে বিএনপির এমন প্রার্থীকে নির্বাচিত করতে হবে, যিনি এলাকার উন্নয়নের স্বার্থে জেলা নেতৃবৃন্দ ও মন্ত্রীদের কাছে জোরালোভাবে দাবি উত্থাপন করতে পারবেন এবং নিজ এলাকার উন্নয়ন কর্মকাণ্ড নিশ্চিত করতে সক্ষম হবেন।”
দলের শৃঙ্খলার বিষয়ে সাখাওয়াত হোসেন খান বলেন, “দলের সিদ্ধান্ত অমান্য করে যারা অতীতে বিভিন্ন নির্বাচনে অংশ নিয়েছেন, তাদের পরিণতি সবাই দেখেছে। আজ তাদের রাজনৈতিক অস্তিত্ব নেই। দলের বাইরে থেকে দলের সিদ্ধান্তের বিরোধিতা করা ব্যক্তিদের আর মূল্যায়ন করা হবে না।”
মেডিকেল ক্যাম্পের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।
এ মেডিকেল ক্যাম্পে প্রায় ৩০০ জন ছানি আক্রান্ত রোগীর চিকিৎসার ব্যবস্থা করা হয়।
বাংলাদেশ সময়: ২৩:৩১:০৬ ৪ বার পঠিত