মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

সিদ্ধিরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে মামলায় আওয়ামী লীগের ১৯২ আসামি

প্রথম পাতা » ছবি গ্যালারী » সিদ্ধিরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে মামলায় আওয়ামী লীগের ১৯২ আসামি
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬



সিদ্ধিরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে মামলায় আওয়ামী লীগের ১৯২ আসামি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে থানায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৯২ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ।

সোমবার (২২ জুন) রাতে থানার উপপরিদর্শক মফিজুর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন বলে জানান সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক।

মামলায় ৪২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে। তারা নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সক্রিয় সদস্য বলে উল্লেখ করেছে পুলিশ।

এই মামলায় নাজিম উদ্দিন উজ্জ্বল নামে আওয়ামী লীগের এক কর্মীকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

মামলার অপর আসামিদের মধ্যে রয়েছেন- সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক আমিনুল হক ভূঁইয়া রাজু, সিদ্ধিরগঞ্জ থানা তাঁতী লীগের সভাপতি লিটন, স্বেচ্ছাসেবক লীগ নেতা জহির, যুব মহিলা লীগ নেত্রী চম্পা ভূইয়া, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সিদ্ধিরগঞ্জ থানা শাখার সভাপতি দেলোয়ার হোসেন, সিদ্ধিরগঞ্জের ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তুষার আহমেদ জিসান, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি শিব্বির, শ্রমিক লীগের লিটন, ছাত্রলীগের যুবরাজ, মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সহসভাপতি কবির চৌধুরী, শ্রমিক লীগের কবির হোসেন, আওয়ামী লীগের মো. আলী, যুবলীগের আব্দুল কাদির খোকন, যুবলীগ নেতা মাসুম।

মামলার এজাহারে পুলিশ উল্লেখ করেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার দুপুরে সিদ্ধিরগঞ্জের মিজমিজি দক্ষিণপাড়া এলাকার সাততলা ভবনের সামনে অভিযান পরিচালনা করে পুলিশ। সেখানে গিয়ে পুলিশ সদস্যরা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের অঙ্গসংগঠনের সদস্যরা সেখানে সমবেত হয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি, ভয়ভীতি প্রদর্শন এবং সরকারবিরোধী কর্মকাণ্ড ও ষড়যন্ত্রের পরিকল্পনা করতে দেখতে পান। একই সঙ্গে তারা মিছিল ও স্লোগানের প্রস্তুতি নিচ্ছিল বলে অভিযোগ করা হয়েছে।

এ সময় ঘটনাস্থল থেকে সোনারগাঁ উপজেলার ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সক্রিয় সদস্য মো. নাজিম উদ্দিন উজ্জ্বলকে (৩৯) গ্রেপ্তার করা হয়। তিনি মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার নয়াগ্রাম এলাকার বাসিন্দা এবং বর্তমানে নারায়ণগঞ্জের কাঁচপুর সেনপাড়া এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি এমদাদুল হক বলেন, “নিষিদ্ধ কোনো কার্যক্রম যাতে পরিচালিত না হয় সে ব্যাপারে পুলিশ তৎপর রয়েছে। এ ধরনের অপতৎপরতায় যারা জড়িত হবেন তাদের আইনের আওতায় আনা হবে।”

বাংলাদেশ সময়: ২৩:২১:১৪   ৬ বার পঠিত