বুধবার, ২৪ জুন ২০২৬

মদ্রিচের মাইলফলক ছোঁয়ার ম্যাচে পানামাকে বিদায় করল ক্রোয়েশিয়া

প্রথম পাতা » খেলাধুলা » মদ্রিচের মাইলফলক ছোঁয়ার ম্যাচে পানামাকে বিদায় করল ক্রোয়েশিয়া
বুধবার, ২৪ জুন ২০২৬



মদ্রিচের মাইলফলক ছোঁয়ার ম্যাচে পানামাকে বিদায় করল ক্রোয়েশিয়া

ইংল্যান্ডের কাছে বড় হার দিয়ে বিশ্বকাপ শুরু করা ক্রোয়েশিয়ার টিকে থাকার জন্য জয় জরুরি ছিল। পানামাকে হারিয়ে শেষ ৩২–এ ওঠার লড়াইয়ে টিকে থাকল গত আসরের সেমিফাইনালিস্টরা।

বুধবার (২৪ জুন) টরন্টোয় গ্রুপ ‘এল’-এর ম্যাচে পানামাকে ১-০ ব্যবধানে হারিয়ে চলতি বিশ্বকাপে নিজেদের প্রথম পয়েন্ট অর্জন করেছে ক্রোয়েশিয়া। ম্যাচের একমাত্র গোলটি করেন আন্তে বুদিমির। আগামী শনিবার (২৭ জুন) ঘানার বিপক্ষে জয় পেলেই ক্রোয়েশিয়া নিশ্চিতভাবে নকআউট পর্বে পৌঁছে যাবে। এর আগে একই দিনে আরেক ম্যাচে ঘানা ও ইংল্যান্ড গোলশূন্য ড্র করেছিল।

দ্বিতীয়ার্ধের নয় মিনিটে বদলি নেমে বুদিমির জয়সূচক গোলটি করেন। এই হারেই বিশ্বকাপ থেকে পানামার বিদায় নিশ্চিত হয়ে যায়। টানা দুই ম্যাচ হেরে তারা বিশ্বকাপ থেকে ছিটকে গেছে।

ম্যাচের একমাত্র গোলটি করেন আন্তে বুদিমির। ছবি: এপি

প্রথমার্ধে গোল না হলেও পানামার দ্রুতগতির আক্রমণ ২০১৮ সালের রানার্স-আপ ক্রোয়েশিয়াকে বেশ ভুগিয়েছিল। নিজেদের দলের হতাশাজনক পারফরম্যান্স দেখে বিরতির সময় কোচ জ্লাতকো দালিচ আক্রমণভাগে দুটি পরিবর্তন আনেন।

সেই পরিবর্তনের একটি প্রায় সঙ্গে সঙ্গেই ফল দেয়। ওসাসুনার ফরোয়ার্ড বুদিমির জোসিপ স্তানিশিচের নিচু ক্রস দূরের পোস্ট দিয়ে জালে জড়িয়ে দেন।

এই গোলের মাধ্যমে ক্রোয়েশিয়ার অধিনায়ক লুকা মদ্রিচের ২০০তম আন্তর্জাতিক ম্যাচটি জয়ে রঙিন হলো।

৪০ বছর বয়সী মদ্রিচ এদিন ৮১ মিনিট মাঠে ছিলেন। মাত্রই চতুর্থ পুরুষ খেলোয়াড় হিসেবে ২০০ আন্তর্জাতিক ম্যাচ খেলার মাইলফলকে পৌঁছালেন। এটি তার পঞ্চম বিশ্বকাপও।

মাইলফলকের ম্যাচে জয়ের পর এভাবেই মদ্রিচকে নিয়ে উদযাপন করেন ক্রোয়াটরা। ছবি: রয়টার্স

ম্যাচ শেষে সতীর্থদের কাঁধে উঠে উদযাপন করা মদ্রিচ ৮৮ শতাংশ পাস সফলভাবে সম্পন্ন করেন। উল্লেখযোগ্য বিষয় হলো, বিশ্বকাপে তার খেলা ১৯টি ম্যাচের প্রতিটিতেই তিনি অন্তত ৮০ শতাংশ বা তার বেশি পাস সফল করেছেন।

ম্যাচ শেষে দালিচ বলেন, ‘সে এখনও ম্যাচে প্রভাব ফেলতে পারে। দেশের হয়ে ২০০ ম্যাচ খেলা বিশাল একটি অর্জন। তাকে দলে পেয়ে আমাদের খুবই আনন্দিত হওয়া উচিত। লুকা খুবই বিনয়ী মানুষ, তাই বড় ধরনের উদযাপন তার পছন্দ নয়। তবে আমাদের সমর্থকদের সামনে আজ এই অর্জনকে স্মরণীয় করতে পেরে আমি খুব খুশি।’

পানামা সমতাসূচক গোল করে ম্যাচে ফিরতে এবং বিশ্বকাপে নিজেদের যাত্রা বাড়াতে বেশ কয়েকটি সুযোগ তৈরি করেছিল। কিন্তু ক্রোয়েশিয়ার গোলরক্ষক ডমিনিক লিভাকোভিচ দুর্দান্ত কিছু সেভ করে তাদের হতাশ করেন। বিশেষ করে দ্বিতীয়ার্ধে পানিবিরতির ঠিক আগে এক ঝড়ো আক্রমণের সময় তিনি একের পর এক সেভ করে দলের জয় নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ১১:০৬:১৬   ১১ বার পঠিত