বুধবার, ২৪ জুন ২০২৬

হুইসেল ব্লোয়ারদের তথ্যে সোনালী ব্যাংকের ২০০ অভিযোগ নিষ্পত্তি, নিশ্চিত করা হচ্ছে সুরক্ষা

প্রথম পাতা » ছবি গ্যালারী » হুইসেল ব্লোয়ারদের তথ্যে সোনালী ব্যাংকের ২০০ অভিযোগ নিষ্পত্তি, নিশ্চিত করা হচ্ছে সুরক্ষা
বুধবার, ২৪ জুন ২০২৬



হুইসেল ব্লোয়ারদের তথ্যে সোনালী ব্যাংকের ২০০ অভিযোগ নিষ্পত্তি, নিশ্চিত করা হচ্ছে সুরক্ষা

আর্থিক খাতে দুর্নীতি ও প্রশাসনিক অনিয়ম কমিয়ে আনতে যারা তথ্য দিয়ে সহায়তা করছেন (হুইসেল ব্লোয়ার), তাদের শতভাগ সুরক্ষা নিশ্চিত করা হচ্ছে বলে জানিয়েছেন সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শওকত আলী খান।

মঙ্গলবার (২৩ জুন) ব্যাংক খাতে শুদ্ধাচার চর্চা ও দুর্নীতি প্রতিরোধে ‘বিশ্ব হুইসেল ব্লোয়ার দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত এক বিশেষ আলোচনা সভায় তিনি এ কথা জানান।

সোনালী ব্যাংকের এমডি শওকত আলী খান বলেন, তথ্যদাতাদের সুরক্ষার বিষয়টি আমরা সবচেয়ে বেশি অগ্রাধিকার দিচ্ছি। গুরুত্বের ওপর ভিত্তি করে হুইসেল ব্লোয়ারদের দেওয়া গোপন তথ্যের ভিত্তিতে এখন পর্যন্ত ব্যাংকটির দুই শতাধিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ নিষ্পত্তি করা সম্ভব হয়েছে।

তিনি আরও জানান, বিভাগীয় স্বচ্ছতা ও জবাবদিহিতা রক্ষায় এই পদ্ধতি অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখছে।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যায়পাল সচিবালয়ের সচিব মাসরুরুল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে আর্থিক খাতের সুরক্ষায় তথ্যদাতাদের ভূমিকার প্রশংসা করে বলেন, দুর্নীতি প্রতিরোধে বা আর্থিক খাতে যেকোনো অনাকাঙ্ক্ষিত বড় কেলেঙ্কারি ঘটার আগেই তা রুখে দিতে বিশ্বজুড়ে ‘হুইসেল ব্লোয়ার’রা সবচেয়ে বড় ভূমিকা রাখে। তবে এই আইনের বা সুযোগের যেন কোনো ধরনের অপব্যবহার না হয়, সেদিকেও কঠোর লক্ষ্য রাখার আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, কোনো প্রতিষ্ঠান বা সংস্থার ভেতরে সংঘটিত দুর্নীতি, জালিয়াতি, অনিয়ম, ক্ষমতার অপব্যবহার, আইন লঙ্ঘন কিংবা জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডের তথ্য যখন কোনো ব্যক্তি সংশ্লিষ্ট বা উপযুক্ত কর্তৃপক্ষের কাছে প্রকাশ করেন, তখন সেই প্রক্রিয়াকে ‘হুইসেল ব্লোয়িং’ বলা হয়। আর যিনি বা যারা এই ধরনের গোপন ও সংবেদনশীল তথ্য প্রকাশ করেন, তাঁদের বলা হয় ‘হুইসেল ব্লোয়ার’ বা তথ্যদাতা।

বাংলাদেশ সময়: ১১:০৯:৫৪   ১০ বার পঠিত