শনিবার, ১১ জুলাই ২০২৬

চরভদ্রাসনে ইয়াবা সেবনের অভিযোগে গ্রেফতার ৩

প্রথম পাতা » ছবি গ্যালারী » চরভদ্রাসনে ইয়াবা সেবনের অভিযোগে গ্রেফতার ৩
শনিবার, ১১ জুলাই ২০২৬



চরভদ্রাসনে ইয়াবা সেবনের অভিযোগে গ্রেফতার ৩

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় ইয়াবা সেবনের অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে চরভদ্রাসন থানা পুলিশ। শনিবার (১১ জুলাই) রাত আনুমানিক ১টা ৫ মিনিটে উপজেলার গাজীরটেক ইউনিয়নের সিকদার ডাঙ্গী এলাকার আলম শেখের একটি ভবনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— ইমরান বেপারী (২৫), পিতা: খলিল বেপারী; রনি মৃধা (২৫), পিতা: আবুল মৃধা; এবং আকমাল বেপারী (২৫), পিতা: মোতাহার বেপারী। তারা সবাই উপজেলার বেপারী ডাঙ্গী গ্রামের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চরভদ্রাসন থানা পুলিশের একটি দল ওই স্থানে অভিযান পরিচালনা করে। এ সময় ইয়াবা সেবনের অভিযোগে তাদের আটক করা হয়। পুলিশ জানিয়েছে, গ্রেফতার তিনজনের বিরুদ্ধে পূর্ব থেকে একাধিক মামলা রয়েছে, যা বর্তমানে আদালতে বিচারাধীন।

পুলিশের তথ্যমতে, পিসিপিআর (PCPR) রেকর্ড অনুযায়ী ইমরান বেপারীর নামে ৮টি, রনি মৃধার নামে ৫টি এবং আকমাল বেপারীর নামে ৪টি মামলা রয়েছে। এছাড়া তাদের বিরুদ্ধে এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফর আলী (আইজিপি ব্যাজপ্রাপ্ত) বলেন, “আটকের পর তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অপরাধ দমনে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদারভাবে পরিচালিত হবে।”

পুলিশ সূত্রে আরও জানা যায়, নবাগত ওসি সফর আলী দায়িত্ব গ্রহণের পর গত এক সপ্তাহে এ অভিযানের পাশাপাশি আরও দুটি সফল অভিযান পরিচালনা করেছেন।

এদিকে স্থানীয় কয়েকজন বাসিন্দা ও সুশীল সমাজের প্রতিনিধিরা অভিযোগ করেন, আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে গ্রেফতারের পর অনেক অভিযুক্ত আদালত থেকে জামিনে মুক্ত হয়ে পুনরায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। এ বিষয়ে অপরাধ দমনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও কার্যকর ভূমিকা প্রত্যাশা করেন তারা।

বাংলাদেশ সময়: ২২:৩৭:৪৭   ৯৪ বার পঠিত