![]()
জামালপুর প্রতিনিধি : দীর্ঘ ১১ বছরের সুদীর্ঘ আইনি লড়াই শেষে অবশেষে নিজের পৈত্রিক জমির দখল ফিরে পেয়েছেন মোখলেছুর রহমান মুকুল। জামালপুরের মাদারগঞ্জ পৌরসভার চরগাবেরগ্রাম এলাকার বাসিন্দা মহির উদ্দিনের ছেলে মোখলেছুর রহমান।
আদালতের নির্দেশে আজ সোমবার (১৩ জুলাই) দুপুরে উপজেলার বালিজুড়ী ইউনিয়নের চরকামারিয়া ফেলুর সংলগ্ন স্থানে অবস্থিত ৮৬ শতাংশ বিরোধপূর্ণ জমির দখল উচ্ছেদ অভিযান পরিচালনা করে বাদী পক্ষকে বুঝিয়ে দেওয়া হয়।
স্থানী সূত্রে জানা যায়, চরগাবেরগ্রাম এলাকার কাশু মন্ডলের সাথে মোখলেছুর রহমান মুকুলের এই ৮৬ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। দীর্ঘ ১১ বছর ধরে আদালতে মামলা চলার পর সম্প্রতি বিজ্ঞ আদালত বাদীর পক্ষে রায় প্রদান করেন।
উচ্ছেদ অভিযানের সময় বিরোধপূর্ণ জমিতে থাকা বিবাদী পক্ষের একটি থাকার ঘর এবং একটি গোয়ালঘর আইনি প্রক্রিয়ার মাধ্যমে উচ্ছেদ করা হয় এবং জমির সীমানা নির্ধারণ করে বাদীকে বুঝিয়ে দেওয়া হয়।
দীর্ঘ প্রতীক্ষিত জমি ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন মোখলেছুর রহমান মুকুল। তিনি আদালত ও স্থানীয় প্রশাসনের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ”ন্যায়বিচারের জন্য আমাকে দীর্ঘ ১১ বছর অপেক্ষা করতে হয়েছে। দেরিতে হলেও আদালত আমাকে আমার অধিকার ফিরিয়ে দিয়েছেন। আমি আইনের প্রতি চিরকৃতজ্ঞ।”
বাংলাদেশ সময়: ২০:৫৮:১৮ ৪৮ বার পঠিত