
বিমান ভাড়া কমিয়ে আগামী ২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন মঙ্গলবার এই হজ প্যাকেজ ঘোষণা করেন।
সচিবালয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে হজ প্যাকেজ ঘোষণা করা হয়। ধর্মমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর উদ্যোগে বিমান ভাড়া কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা করা হয়েছে।
সরকারি মাধ্যমে আগামী বছরের জন্য হজ প্যাকেজ-১ এবং হজ প্যাকেজ-২ ঘোষণা করা হয়েছে। হজ প্যাকেজ-১ এ খরচ পড়বে ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা। আর হজ প্যাকেজ-২ এ খরচ পড়বে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা।
এছাড়াও, বেসরকারি মাধ্যমে সাধারণ হজ প্যাকেজ নামে একটি প্যাকেজ ঘোষণা করা হয়। বেসরকারি মাধ্যমে খরচ পড়বে ৫ লাখ ১৩ হাজার ৬৪৮ টাকা।
ধর্মমন্ত্রী বলেন, সরকারের নির্বাচনি ইশতেহারে সাশ্রয়ী, সহজলভ্য, মানবিক ও প্রবাসীবান্ধব হজ ব্যবস্থাপনার প্রতিশ্রুতি রয়েছে। সেই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রীর উদ্যোগে এবার হজ ফ্লাইটের বিমানভাড়া গত বছরের তুলনায় ২৪ হাজার ৮৩০ টাকা কমিয়ে এক লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
তিনি জানান, শেখ হাসিনা সরকারের সময়ে ২০২৩ সালে হজ ফ্লাইটের বিমানভাড়া প্রায় দুই লাখ টাকা ছিল। ২০২৫ সালে অন্তর্বর্তী সরকারের আমলে তা কমিয়ে এক লাখ ৬৭ হাজার ৮২০ টাকা করা হয়। এবার তা আরও কমিয়ে এক লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
হজ প্যাকেজ-১ : এই প্যাকেজের হজযাত্রীদের মক্কায় হারাম শরীফের বহিঃচত্বর থেকে ১০০০ থেকে ১৪০০ মিটারের মধ্যে এবং মদিনায় মারকাজিয়া এলাকায় আবাসন সুবিধা দেওয়া হবে। মিনায় জোন-২ এ তাঁবুর অবস্থান হবে এবং মিনা- আরাফায় ‘সার্ভিস প্যাকেজ-৩’ ক্যাটাগরির সার্ভিসসহ মোয়াল্লেম কর্তৃক খাবার সরবরাহ করা হবে।
সাধারণত সৌদি আরবে অবস্থানকাল হবে ৩৫-৪০ দিন।
উল্লেখ্য, অতিরিক্ত অর্থ পরিশোধ সাপেক্ষে রুম আপগ্রেডেশন ও শর্ট প্যাকেজ সুবিধা নেওয়া যাবে। এ প্যাকেজের খরচ ধরা হয়েছে ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা।
হজ প্যাকেজ-২ (সাশ্রয়ী): এটি হজ প্যাকেজ-১ এর চেয়ে কিছুটা সুলভ। এই প্যাকেজের হজযাত্রীদের মক্কায় হোটেল হারাম শরীফের বহিঃচত্বর থেকে ২-৩ কিলোমিটারের মধ্যে হবে এবং মদিনায় মারকাজিয়া এলাকার বাইরে মসজিদে নববী হতে ৮০০ মিটারের মধ্যে আবাসনের ব্যবস্থা করা হবে। মিনায় জোন-৫ এ তাঁবুর অবস্থান হবে এবং মিনা- আরাফায় ‘সার্ভিস প্যাকেজ-৩’ ক্যাটাগরির সার্ভিসসহ মোয়াল্লেমের মাধ্যমে খাবার সরবরাহ করা হবে।
হোটেলের অবস্থান দুই কিলোমিটারের বেশি দূরে হলে সৌদি সরকারের বিধান অনুসারে সালাওয়াত বাসের ব্যবস্থা থাকবে। এ প্যাকেজের খরচ ধরা হয়েছে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা।
বাংলাদেশ সময়: ১৪:০৪:১৪ ৫ বার পঠিত