![]()
জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী প্রথম শ্রেণীর পৌরসভার ২ নম্বর পাম্প হাউসটি বিকল হয়ে পড়েছে। এর ফলে গত প্রায় এক সপ্তাহ ধরে চরম সুপেয় পানি সংকটে ভুগছেন পৌরসভার ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের অন্তত ৯ শতাধিক গ্রাহক। গত ১৬ জুলাই (বৃহস্পতিবার) থেকে পাম্পটি অচল হয়ে পড়ায় দৈনন্দিন গৃহস্থালি কাজ, রান্না ও অন্যান্য প্রয়োজনীয় কাজে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
পৌরসভা সংশ্লিষ্ট সূত্র জানায়, ১৯৯৫ সালে স্থাপিত ১ লাখ ৫০ হাজার গ্যালন ধারণ ক্ষমতাসম্পন্ন ওভারহেড পানির ট্যাংকটির আওতাধীন মোট গ্রাহক সংখ্যা প্রায় ২ হাজার ১০০ জন। এর মধ্যে ২ নম্বর পাম্প হাউসটি যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হয়ে যাওয়ায় তিনটিরও বেশি ওয়ার্ডের ৯ শতাধিক গ্রাহকের বাসাবাড়িতে পানি সরবরাহ কার্যত বন্ধ রয়েছে। দীর্ঘ সময় পানি না পাওয়ায় ভুক্তভোগী গ্রাহকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয় গ্রাহক বেলাল হোসেন, বাবু মিয়া ও মতিউর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা দীর্ঘদিন ধরে পৌরসভার পানি পাচ্ছি না। এতে আমাদের জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। দ্রুত পানি সরবরাহ স্বাভাবিক করার জন্য আমরা কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছি।”
পৌরসভার পানি শাখার দায়িত্বপ্রাপ্ত বিল ক্লার্ক মনোহর মিয়া পানি সরবরাহ ব্যাহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সমস্যাটি দ্রুত সমাধানের জন্য কাজ চলছে। তবে স্বস্তির বিষয় হলো, পৌরসভার বাউসি বাজার, শিমলা বাজার ও রেলওয়ে স্টেশন এলাকায় অবস্থিত অন্যান্য পাম্প হাউসের পানি সরবরাহ স্বাভাবিক রয়েছে। পাশাপাশি মাহমুদা সালাম মহিলা কলেজ এলাকায় নতুন একটি পানির পাম্প স্থাপনের কাজ চলমান রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
পাম্পটি দ্রুত সচল করার বিষয়ে সরিষাবাড়ী পৌরসভার সহকারী প্রকৌশলী এ এইচ এম মোস্তফা কামাল সুমন বলেন, ”ওভারহেড ট্যাংকের অধীন ২ নম্বর পাম্প হাউসটি বিকল হওয়ায় গ্রাহকদের সাময়িক ভোগান্তি হচ্ছে। পাম্পটি দ্রুত মেরামতের জন্য ‘মিলনাস গ্রুপ’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। কোটেশনের মাধ্যমে প্রয়োজনীয় যন্ত্রাংশ সংগ্রহ করে দ্রুত পাম্পটি সচল করার উদ্যোগ নেওয়া হয়েছে।”
এদিকে উদ্ভূত পরিস্থিতির বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য সরিষাবাড়ী পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল-এর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
বাংলাদেশ সময়: ২২:৫২:২৪ ৩৩ বার পঠিত