মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

মধুখালীর ১১টি বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক প্রতিনিধি দল, শিক্ষার্থীদের সততা চর্চায় গুরুত্বারোপ

প্রথম পাতা » ছবি গ্যালারী » মধুখালীর ১১টি বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক প্রতিনিধি দল, শিক্ষার্থীদের সততা চর্চায় গুরুত্বারোপ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬



মধুখালীর ১১টি বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক প্রতিনিধি দল, শিক্ষার্থীদের সততা চর্চায় গুরুত্বারোপ

মধুখালী প্রতিনিধি : ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া উচ্চ বিদ্যালয়সহ মোট ১১টি মাধ্যমিক বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শন করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রতিনিধি দল। মঙ্গলবার (২১ জুলাই) দিনব্যাপী পরিচালিত এ পরিদর্শনে শিক্ষার্থীদের মাঝে সততা, নৈতিকতা ও দুর্নীতিবিরোধী মূল্যবোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
পরিদর্শনে উপস্থিত ছিলেন দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ফরিদপুরের সহকারী পরিচালক মো. মুস্তাফিজ, উপপরিদর্শক মো. সামিম আহম্মেদ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, মধুখালীর সভাপতি মো. আকতার হোসেন এবং সদস্য মো. মনিরুজ্জামান মৃধা (মন্নু)।
দুদক সূত্রে জানা যায়, শিক্ষার্থীদের মধ্যে সততা, স্বচ্ছতা ও নৈতিক মূল্যবোধ গড়ে তোলার লক্ষ্যে দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ফরিদপুরের উদ্যোগে জেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে ‘সততা স্টোর’ প্রতিষ্ঠা করা হয়েছে। এসব স্টোরে শিক্ষার্থীরা বিক্রেতা ছাড়াই নিজেদের প্রয়োজনীয় শিক্ষা উপকরণ সংগ্রহ করে নির্ধারিত মূল্য নির্দিষ্ট স্থানে জমা দেয়। এর মাধ্যমে তাদের মধ্যে সততা, আত্মনিয়ন্ত্রণ ও দায়িত্ববোধের চর্চা গড়ে ওঠে।
পরিদর্শনকালে প্রতিনিধি দল আড়পাড়া উচ্চ বিদ্যালয়সহ উপজেলার মোট ১১টি মাধ্যমিক বিদ্যালয়ের ‘সততা স্টোর’-এর কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং এর সফল বাস্তবায়নে সংশ্লিষ্ট বিদ্যালয় কর্তৃপক্ষের প্রশংসা করেন। তারা বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে সৎ, দায়িত্বশীল ও দুর্নীতিমুক্ত নাগরিক হিসেবে গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত কার্যকর এবং শিক্ষার্থীদের নৈতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বাংলাদেশ সময়: ২৩:০৯:৪৯   ৫৮ বার পঠিত