লোহিত সাগরে দুটি সৌদি তেলবাহী ট্যাংকারে হামলার দাবি হুথিদের, ইরানে নতুন করে মার্কিন হামলা

প্রথম পাতা » আন্তর্জাতিক » লোহিত সাগরে দুটি সৌদি তেলবাহী ট্যাংকারে হামলার দাবি হুথিদের, ইরানে নতুন করে মার্কিন হামলা
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬



লোহিত সাগরে দুটি সৌদি তেলবাহী ট্যাংকারে হামলার দাবি হুথিদের, ইরানে নতুন করে মার্কিন হামলা

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা বুধবার লোহিত সাগরে সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলার দাবি করেছে। এতে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের মধ্যে নতুন একটি সংঘাতের ক্ষেত্র তৈরি হতে পারে।

এদিকে, যুক্তরাষ্ট্রও ইরানের সামরিক স্থাপনায় নতুন করে হামলা চালিয়েছে। টানা দ্বাদশ রাতের মতো ইরানে এ হামলা চালানো হলো।

দুবাই থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

হুথিরা জানায়, অবরোধ অমান্য করায় ‘এনসেলিয়া’ ও ‘লায়লা’ নামের দুটি সৌদি তেলবাহী ট্যাংকারে তারা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।

ব্রিটিশ নৌ নিরাপত্তা পর্যবেক্ষণ সংস্থা ইউকেএমটিও জানায়, আল শুকাইকের দক্ষিণ-পশ্চিমে প্রায় ৭০ নটিক্যাল মাইল দূরে একটি ট্যাংকারের ক্যাপ্টেন অজ্ঞাত একটি বস্তুর আঘাতের কথা জানিয়েছেন। এতে জাহাজে আগুন লাগে এবং নাবিকরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান।

সৌদি বন্দরগুলো অবরোধে হুথিদের হুমকির পর লোহিত সাগরে এ উত্তেজনা সৃষ্টি হয়েছে । এতে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথগুলোর ওপর চাপ আরও বেড়েছে। হরমুজ প্রণালী ঘিরে চলমান সংঘাতের কারণে এসব নৌপথ আগে থেকেই অস্থির।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন, হরমুজ প্রণালীতে জাহাজে প্রতিটি হামলার জবাবে ইরানের একটি করে সেতু বা বিদ্যুৎকেন্দ্র ধ্বংস করা হবে। এর জবাবে তেহরানও ‘চোখের বদলে চোখ’ নীতিতে পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। এতে উভয় পক্ষের হুমকি আরও তীব্র হয়েছে।

গুরুত্বপূর্ণ এ জ্বালানি নৌপথকে ঘিরে সংঘাতের কারণে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া প্রাথমিক সমঝোতা ভেঙে পড়েছে। তেহরান আবারও অবরোধ কার্যকর করেছে এবং প্রণালী অতিক্রমের চেষ্টা করা জাহাজে গুলি চালাচ্ছে।

ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘হরমুজ প্রণালীতে ইসলামী প্রজাতন্ত্র ইরান যখনই কোনো জাহাজে ক্ষেপণাস্ত্র, রকেট, ড্রোন বা অন্য কোনো অস্ত্র দিয়ে হামলা চালাবে, তখনই যুক্তরাষ্ট্র একটি করে সেতু বা বিদ্যুৎকেন্দ্রে বোমা হামলা চালিয়ে তা ধ্বংস করবে।’

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, দেশটির অবকাঠামোর ওপর যেকোনো হামলার জবাবে একইভাবে পাল্টা ব্যবস্থা নেওয়া হবে।

তিনি এক্সে লিখেছেন, ‘আমাদের প্রতিরক্ষা নীতি স্পষ্ট। চোখের বদলে চোখ। ইরানের বিরুদ্ধে, আমাদের অবকাঠামোসহ যেকোনো আগ্রাসনের জবাবে শক্তিশালী ও সিদ্ধান্তমূলক প্রতিক্রিয়া জানানো হবে।’

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম দেশটির সেনাবাহিনীর বরাত দিয়ে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের হুমকির ফল হবে শুধু যুদ্ধের আরও বিস্তার।

যুদ্ধ বন্ধে ট্রাম্প তীব্র রাজনৈতিক চাপের মুখে রয়েছেন। মঙ্গলবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন, এ পর্যন্ত যুদ্ধের পেছনে যুক্তরাষ্ট্রের ব্যয় দাঁড়িয়েছে ৩৭ দশমিক ৫ বিলিয়ন ডলার। মে মাসের মাঝামাঝিতে এ ব্যয় ছিল প্রায় ২৯ বিলিয়ন ডলার।

তবে, চার মার্কিন সেনাসদস্যের মরদেহ গ্রহণের জন্য একটি বিমানঘাঁটিতে যাওয়ার পথে ট্রাম্প যুদ্ধবিরোধী জনমত জরিপ প্রত্যাখ্যান করেন।

চার সেনাসদস্যের মধ্যে তিনজন জর্ডানে একটি সামরিক ঘাঁটিতে ইরানের হামলায় নিহত হন। আরেকজন ইরাকি ভূখণ্ডে অবিস্ফোরিত একটি ইরানি ড্রোন নিয়ন্ত্রিতভাবে ধ্বংস করার সময় নিহত হন।

ট্রাম্প বলেন, ‘মার্কিনরা জ্বালানির উচ্চমূল্য চায় না। তবে তারা যুদ্ধের বিরোধীও নয়।’

বিশ্ববাজারে অপরিশোধিত তেলের মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম বুধবার সাময়িকভাবে প্রতি ব্যারেল ৯৫ ডলার ছাড়িয়ে যায়। প্রায় ছয় সপ্তাহের মধ্যে এটিই ছিল সর্বোচ্চ দাম। পরে কিছুটা কমলেও দিনের শেষে অপরিশোধিত ফিউচার তেলের দাম প্রায় তিন শতাংশ বেশি ছিল।

-ইরানে যুক্তরাষ্ট্রের নতুন হামলা-

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, বুধবার গ্রিনিচ সময় রাত ৯টা ৩০ মিনিটে ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে সর্বশেষ হামলা শুরু হয়। তাদের ভাষ্য, আঞ্চলিক জলসীমা দিয়ে চলাচলকারী বেসামরিক নাবিক ও বাণিজ্যিক জাহাজের জন্য হুমকি সৃষ্টি করার সক্ষমতা আরও দুর্বল করাই ছিল এ হামলার উদ্দেশ্য।

বাংলাদেশ সময়: ১৬:২০:৩২   ৩ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া সংসদে আলোচনা সম্ভব নয়: মল্লিকার্জুন খাড়গে
শিক্ষার্থীদের ‘মাদক মামলায় ফাঁসানোর’ হুমকি মুম্বাই পুলিশের
লোহিত সাগরে দুটি সৌদি তেলবাহী ট্যাংকারে হামলার দাবি হুথিদের, ইরানে নতুন করে মার্কিন হামলা
সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প
মালয়েশিয়ায় অভিবাসনবিরোধী অভিযানে ৩২ বাংলাদেশিসহ আটক ১০৮
নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি ক্ষমতা নিউইয়র্ক সিটির নেই : মামদানি
মার্কিন-ইরান উত্তেজনায় তেলের দাম আরও বাড়ল
ইরানের বিরুদ্ধে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল যুক্তরাষ্ট্র
দেশের বাহিরেও আন্দোলনের ঢেউ জন্তর মন্তরে সকাল থেকেই বাড়ছে বিক্ষোভকারীদের ভিড়
যুক্তরাষ্ট্র–ভারত বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে দিল্লি অভিমুখে কৃষকেরা, আবার বাধা সেই হরিয়ানায়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ