১৭ বছর পর সিরিয়া সফরে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও

প্রথম পাতা » আন্তর্জাতিক » ১৭ বছর পর সিরিয়া সফরে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও
শনিবার, ২৫ জুলাই ২০২৬



১৭ বছর পর সিরিয়া সফরে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও

সিরিয়া সফরে গিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। তার এ সফরের মাধ্যমে ১৭ বছরের মধ্যে প্রথমবারের মতো কোনো জাতিসংঘ মহাসচিব দেশটি সফর করলেন।

শনিবার (২৫ জুলাই) সকালে দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর দেশটির পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি তাকে স্বাগত জানান। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এই সফরের মাধ্যমে ২০০৯ সালের পর প্রথমবারের মতো কোনো জাতিসংঘ মহাসচিব সিরিয়ায় এলেন। তারপর থেকে দেশটিতে ১৪ বছরের রক্তক্ষয়ী গৃহযুদ্ধ চলেছে। গুতেরেস সিরিয়ার নতুন রাষ্ট্রপতি আহমেদ আল-শারার সঙ্গে সাক্ষাৎ করবেন। আল-শারা একসময় নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন আল-কায়েদার কমান্ডার ছিলেন এবং গত বছর পর্যন্ত তার ওপর জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা ছিল।

২০২৪ সালে বাশার আল-আসাদের পতনের পর ক্ষমতায় আসা আল-শারার জন্য এটি আরেকটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক সাফল্য হিসেবে দেখা হচ্ছে। তিনি আন্তর্জাতিক সম্পর্ক পুনর্গঠনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। গুতেরেস শুধু রাষ্ট্রপতির সঙ্গেই নয়, সরকারি কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করবেন।

ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির বাস্তবায়ন পর্যবেক্ষণের অংশ হিসেবে তিনি অধিকৃত গোলান মালভূমিও সফর করবেন। সেখানে জাতিসংঘের শান্তিরক্ষী মিশন ইউএনডিওএফের কার্যক্রম সরেজমিনে দেখবেন।

জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেছেন, এই সফর সিরিয়াকে সংঘাত থেকে পুনরুদ্ধারের পাশাপাশি স্থিতিশীল, অন্তর্ভুক্তিমূলক ও সমৃদ্ধ ভবিষ্যতের পথে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করে দিচ্ছে। সফরের পূর্ণাঙ্গ সূচি এখনো প্রকাশ করা হয়নি। ধারণা করা হচ্ছে, তিনি কয়েক দিন দেশটিতে থাকবেন এবং আগামী সোমবার পার্লামেন্টে ভাষণ দিতে পারেন।

আসাদের পতনের পর সম্প্রতি ফ্রান্সের প্রেসিডেন্টও সিরিয়া সফর করেছেন। তার সফরকালে দামেস্কের এক এলাকায় দুটি বোমা বিস্ফোরণ ঘটে। সেই ঘটনার কয়েক সপ্তাহ পরই গুতেরেসের এই সফর। সিরিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, বোমা হামলার সঙ্গে জড়িত সেলটি শনাক্ত করা হয়েছে এবং তারা আইএসআইএসের সঙ্গে যুক্ত।

সূত্র: এনডিটিভি

বাংলাদেশ সময়: ১৬:৩৩:১৪   ৮৬ বার পঠিত  







আন্তর্জাতিক’র আরও খবর


ভেনেজুয়েলায় কলম্বীয় বিদ্রোহীদের ঘাঁটিতে সেনাবাহিনীর হামলা, নিহত ১৯
সোমবার থেকে ফ্রান্সে আবারও শুরু হচ্ছে হাই স্কুল অবরোধ : শিক্ষার্থী সংগঠন
ফিলিপাইনের মুসলিম-অধ্যুষিত অঞ্চলে প্রথম নির্বাচিত মুখ্যমন্ত্রী
আরব পাঠ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে সিজদায় লুটিয়ে পড়ল শিশু মায়ার
ইরানের শর্ত না মানলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়: গালিবাফ
সৌদি আরবের যুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?
কিউবার ওপর মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে টানা ৩৪তম বছরেও জাতিসংঘে বিপুল সংখ্যাগরিষ্ঠের নিন্দাল
‘ঔপনিবেশিক’ পশ্চিমাদের চেয়ে আফ্রিকার ভালো অংশীদার রাশিয়া : পুতিন
স্পেনে ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৬৪
ইসরায়েলে আরব দলগুলো এবার রেকর্ড আসন জিততে পারে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ