![]()
মধুখালী প্রতিনিধি : ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন ফরিদপুরের জেলা সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান। পরিদর্শনকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আল আমিন সরোয়ার ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান এবং হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখান।
শনিবার (২৫ জুলাই) সিভিল সার্জন ডা: মাহমুদুল হাসান মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শনে আসেন।
এ সময় উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলীম মানিক, আবাসিক মেডিকেল অফিসার ডা. কবির সরদার, সিনিয়র মেডিকেল অফিসার ডা. মো. আরিফ হোসেন, সিনিয়র মেডিকেল অফিসার ডা. ইমরান হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব তারিকুল ইসলাম এনামুল, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহুরুল ইসলাম লিটন, মধুখালী প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান মুন্নু, সাধারণ সম্পাদক মেহেদী হোসেন পলাশসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক নেতৃবৃন্দ।
পরিদর্শনকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আল আমিন সরোয়ার মধুখালীর প্রাণকেন্দ্রে অবস্থিত দীর্ঘদিনের জরাজীর্ণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যসেবা কার্যক্রম, বিদ্যমান সমস্যা এবং চলমান উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে সিভিল সার্জনকে অবহিত করেন।
এ সময় রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ জানান, ডা. আল আমিন সরোয়ার মধুখালীতে দায়িত্ব গ্রহণের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যসেবার মান ও পরিবেশগত পরিচ্ছন্নতায় ব্যাপক ইতিবাচক পরিবর্তন এসেছে। চিকিৎসকরা নিয়মিত সময়মতো দায়িত্ব পালন করছেন। নতুন করে আল্ট্রাসনোগ্রাম ও ইসিজি সেবা চালু হয়েছে। এছাড়া শিগগিরই সিজারিয়ান অপারেশন চালুর লক্ষ্যে অপারেশন থিয়েটার প্রস্তুত করা হয়েছে। প্রতিদিন ডেঙ্গু ও হাম রোগীদের চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে। পাশাপাশি ওষুধ কোম্পানির প্রতিনিধিদের অনিয়ন্ত্রিত কার্যক্রম ও দালাল চক্রের দৌরাত্ম্যও অনেকাংশে নিয়ন্ত্রণে এসেছে।
জেলা সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান হাসপাতালের জরুরি বিভাগ, রোগীদের পুরুষ ও নারী ওয়ার্ড, প্যাথলজি বিভাগ, এক্স-রে বিভাগ, অপারেশন থিয়েটার, রান্নাঘরসহ অন্যান্য বিভাগ পরিদর্শন করেন এবং সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।
পরিদর্শন শেষে হাসপাতালের নতুন ভবনে পানির অব্যবস্থাপনার কারণে চিকিৎসাসেবায় প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে বলে সিভিল সার্জনকে অবহিত করা হয়। এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি সাংবাদিকদের আশ্বস্ত করেন।
বাংলাদেশ সময়: ২০:১১:৫৯ ৪২ বার পঠিত