
নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ জেলা পুলিশ ও গোয়েন্দা শাখা (ডিবি)-র উদ্যোগে পরিচালিত ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে সর্বমোট ৮৪ জনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ২৬ হাজার ১৯১ পিস ইয়াবা এবং ২ কেজি ৫০০ গ্রাম গাঁজা।
বুধবার (২৮ অক্টোবর) জেলার ৭টি থানা ও ডিবি পুলিশের বিভিন্ন দল যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের মধ্যে ১৬ জন মাদক ব্যবসায়ী, ৫৪ জন মাদকসেবী, ওয়ারেন্টভুক্ত আসামি ৬ জন, নিয়মিত মামলার আসামি ৩ জন, অন্যান্য ধারায় ১ জন এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৪ জন সদস্য রয়েছেন।
থানাওয়ারী গ্রেফতার ও উদ্ধারের চিত্র:
- সোনারগাঁও থানা: সর্বোচ্চ পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে এই থানা এলাকায়। ২৩ হাজার ৭৫ পিস ইয়াবাসহ ৬ জন মাদক ব্যবসায়ী, ১৬ জন মাদকসেবী, ওয়ারেন্টভুক্ত ১ জন এবং নিষিদ্ধ সংগঠনের ১ জনসহ মোট ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
- ফতুল্লা মডেল থানা: ফতুল্লায় ৭৩ পিস ইয়াবাসহ ৫ জন মাদক ব্যবসায়ী, ১৮ জন মাদকসেবী, ওয়ারেন্টভুক্ত ৩ জন, নিয়মিত মামলার আসামি ২ জন, অন্যান্য ধারায় ১ জন এবং নিষিদ্ধ সংগঠনের ১ জনসহ সর্বমোট ৩০ জন গ্রেফতার হয়।
- সিদ্ধিরগঞ্জ থানা: ৩ হাজার পিস ইয়াবাসহ ২ জন মাদক ব্যবসায়ী, ৯ জন মাদকসেবী, ওয়ারেন্টভুক্ত ১ জন, নিয়মিত মামলার আসামি ১ জন এবং নিষিদ্ধ সংগঠনের ১ জনসহ মোট ১৪ জনকে আটক করা হয়েছে।
- রূপগঞ্জ থানা: ২৫ পিস ইয়াবা ও ১ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ী, ৩ জন মাদকসেবী এবং নিষিদ্ধ সংগঠনের ১ জনসহ মোট ৫ জন গ্রেফতার হয়েছে।
- বন্দর থানা: ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ী, ২ জন মাদকসেবী এবং ওয়ারেন্টভুক্ত ১ জনসহ মোট ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
- সদর থানা: ১৮ পিস ইয়াবাসহ ১ জন মাদক ব্যবসায়ী ও ৩ জন মাদকসেবীসহ মোট ৪ জন গ্রেফতার হয়েছে।
- আড়াইহাজার থানা: অভিযান চালিয়ে ৩ জন মাদকসেবীকে গ্রেফতার করা হয়।
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও সমাজকে মাদকমুক্ত করার লক্ষ্যে জেলা জুড়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশের সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিজ নিজ থানায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১১:২৬:০২ ৯ বার পঠিত