![]()
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মোঃ জাহিদ হোসেন বলেছেন, শিশুরা ফুলের মতো। শিশুদের ভেতর লুকিয়ে থাকা প্রতিভা বিকশিত করতে হবে। এই শিশুদের লুকিয়ে থাকা প্রতিভা অন্বেষণে কাজ করছে বাংলাদেশ জিয়া শিশু একাডেমি। তাদের সঙ্গে যুক্ত হয়েছে চ্যানেল আই। এই প্রতিযোগিতার মাধ্যমে বেরিয়ে আসবে নতুন নতুন প্রতিভাবান শিল্পী। তারা দেশের সাংস্কৃতিক অঙ্গনকে সমৃদ্ধ করবে এ আশাবাদ ব্যক্ত করেন তিনি।
মন্ত্রী আজ ঢাকায় চ্যানেল আইতে শুরু হতে যাওয়া ১৪তম জাতীয় শিশু শিল্পী প্রতিযোগিতা শাপলাকুঁড়ি ২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তৃতায় এসব কথা ব্যক্ত করেন।
এসময় মন্ত্রী বলেন, আজ যারা দেশের অনেক খ্যাতিমান শিল্পী তাঁরা চ্যানেল আই-এর অবদানে। যেখানে প্রতিভা সেখানেই আমরা এই স্লোগানে বাংলাদেশ জিয়া শিশু একাডেমি এই প্রতিযোগিতার মূল আয়োজক। এবারের ১৪তম আয়োজনে ক্বেরাত, আবৃত্তি, অভিনয়, সংগীত, নৃত্য ও যন্ত্রসংগীতে দেশের ১২টি জোনে প্রাথমিক বিজয়ীরাই বিষয়ভিত্তিক নির্বাচনে ১৫টি একক এবং ৩টি দলীয় বিষয়ে অংশ নেবে। একজন প্রতিযোগী সর্বোচ্চ তিনটি একক এবং একটি দলীয় বিষয়ে অংশ নিতে পারবে। প্রতিটি বিষয়ে ১ম, ২য় ও ৩য় স্থান বিজয়ী এবং দুটি বিভাগে ২ জন শাপলাকুঁড়ি চ্যাম্পিয়ন হিসেবে নির্ধারিত হবে। এর প্রতিটি পর্ব প্রচারিত হবে চ্যানেল আইতে। প্রতিযোগিতার রেজিস্ট্রেশন চলবে ২৬ জুলাই থেকে ২০ আগস্ট ২০২৬ পর্যন্ত। বিস্তারিত জানা যাবে চ্যানেল আইতে এবং বাংলাদেশ জিয়া শিশু একাডেমির ওয়েবসাইটে।
প্রতিযোগিতার উদ্বোধন উপলক্ষ্যে চ্যানেল আইতে এ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, বাংলাদেশ জিয়া শিশু একাডেমির মহাপরিচালক হুমায়ুন কবীর, নজরুল সংগীত শিল্পী ফেরদৌস আরা এবং ফাতেমা তুজ জোহরা। এছাড়াও উপস্থিত ছিলেন কণ্ঠশিল্পী বিউটি, লায়লা, মৌমিতা বড়ুয়া ও রিয়েলিটি শো’র প্রকল্প পরিচালক রাজু আলীম।
বাংলাদেশ সময়: ২৩:৩৬:২২ ১০৪ বার পঠিত