![]()
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বহুল আলোচিত ইউনিয়ন ছাত্রলীগ কর্মী মহর মিয়া (১৭) এবং তার আপন ভাতিজা মাদ্রাসা শিক্ষার্থী স্বপন মিয়া (১৬) হত্যা মামলার যুক্তিতর্ক শেষ হয়েছে। আগামী ১২ আগস্ট (বুধবার) এই জোড়া খুনের মামলার রায় ঘোষণা করবেন আদালত।
হৃদয়বিদারক এই ঘটনাটি ঘটেছিল ২০১৬ সালের মে মাসে। ওই বছরের ১৮ মে রাতে মহর ও স্বপনকে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয়। দুদিন নিখোঁজ থাকার পর, ২০ মে জোড়খালী ইউনিয়নের কুকুরমারি এলাকার একটি পাটক্ষেত থেকে তাদের ক্ষতবিক্ষত ও রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত মহর মিয়া আদারভিটা গজারিয়ার আব্দুস সালাম দফাদারের ছেলে এবং স্বপন মিয়া তার আপন ভাতিজা।
হত্যাকাণ্ডের পর স্বপনের বাবা জাহাঙ্গীর আলম বাদী হয়ে ২২ জনকে আসামি করে মাদারগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ দীর্ঘ তদন্ত শেষে ঘটনার সাথে জড়িত ১৪ জনের বিরুদ্ধে আদালতে চূড়ান্ত চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করে।
আদালত সূত্রে জানা গেছে, মামলার আসামিরা এতদিন জামিনে থাকলেও বর্তমানে তারা প্রত্যেকেই জেলহাজতে রয়েছেন। দীর্ঘ ১০ বছরেরও বেশি সময় ধরে চলা আইনি প্রক্রিয়া ও সাক্ষ্যগ্রহণ শেষে অবশেষে আগামী ১২ আগস্ট এই নির্মম হত্যাকাণ্ডের রায় ঘোষণা হতে যাচ্ছে। দুই পরিবারের সদস্য ও এলাকাবাসী এখন অধীর আগ্রহে আদালতের দিকে তাকিয়ে আছেন এবং জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ২১:২৪:১৫ ৪ বার পঠিত