দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান মহানগর বিএনপির

প্রথম পাতা » ছবি গ্যালারী » দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান মহানগর বিএনপির
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬



দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান মহানগর বিএনপির

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে দলটির নেতারা দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি অন্যায় কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

শুক্রবার (২০ নভেম্বর) আসরের নামাজের পর শহরের মিশনপাড়া হোসিয়ারি সমিতির কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, “তারেক রহমান বাংলাদেশকে একটি আধুনিক ও উন্নত রাষ্ট্রে রূপান্তর করার স্বপ্ন দেখছেন। গত নয় মাসে তিনি যেসব কার্যক্রম ও উদ্যোগ গ্রহণ করেছেন, তাতে দেশের ৯৫ শতাংশ মানুষ সন্তুষ্ট হয়েছে। তবে একটি অংশ এবং পার্শ্ববর্তী রাষ্ট্রের কিছু মানুষ দেশের স্থিতিশীলতা, গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বকে বিপন্ন করতে বিভিন্ন ষড়যন্ত্র করছে।”

দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা যারা এখানে উপস্থিত রয়েছেন, আপনারা গত ১৬ বছর ধরে পরীক্ষা দিয়েছেন এবং সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। আশা করি, আগামীতেও দলের জন্য, সরকারের জন্য এবং জিয়া পরিবারের জন্য যে পরীক্ষা আসবে, সেই পরীক্ষায়ও আপনারা উত্তীর্ণ হবেন।”

নাশকতার প্রসঙ্গ তুলে সাখাওয়াত হোসেন খান বলেন, “ফ্যাসিস্টদের কিছু লোক দেশে বিভিন্ন ধরনের নাশকতার চেষ্টা করছে। নারায়ণগঞ্জের মানুষ ইতোমধ্যে তাদের সেই অপচেষ্টা প্রতিহত করেছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যকলাপের চেষ্টা হলে আমাদের সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ থেকে তা প্রতিহত করতে হবে।”

নেতাকর্মীদের অন্যায় কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমাদের শপথ নিতে হবে আমরা কোনো অন্যায় কাজে অংশগ্রহণ করব না। দেশের ক্ষতি হয়, সরকারের বদনাম হয় কিংবা জিয়া পরিবারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কোনো কাজে আমরা অংশ নেব না। আমরা সবাই সবসময় সজাগ থাকব।”

তিনি আরও বলেন, “আমরা যারা বিএনপি পরিবারের সদস্য, আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব। আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি, তাহলে কোনো শক্তিই আমাদের সঙ্গে মোকাবিলা করার ক্ষমতা রাখে না। দেশের মানুষের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে একটি আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করতে এবং মানুষের ভাগ্যের উন্নয়নে কাজ করতে পারি।”

এ সময় তিনি তারেক রহমানের প্রতি আস্থা রেখে নেতাকর্মীদের সতর্ক ও দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

অনুষ্ঠানে মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন, জিয়া পরিবার ও বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। এসব ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি বলেন, “আমরা সবাই নামাজ পড়ি, দেশের মানুষের জন্য দোয়া করব। দেশি-বিদেশি সব ষড়যন্ত্র মোকাবিলা করার শক্তি যেন আল্লাহ আমাদের দেন। বিএনপির সরকার যেন ২০ কোটি মানুষের মুখে হাসি ফুটাতে পারে এবং তারেক রহমান যেন তাঁর বাবা-মায়ের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে পারেন—আজকের জন্মদিনে এটাই হোক আমাদের শপথ।”

টিপু আরও বলেন, “আজকের এই জন্মদিনে আমরা শপথ নেব এবং মিলাদ ও দোয়া মাহফিল শেষে তারেক রহমানের জন্য প্রাণখুলে দোয়া করব। আমাদের নেতা জিয়াউর রহমান চলে গেছেন, বেগম খালেদা জিয়াও চলে গেছেন। তারেক রহমানকে যদি কেউ ধ্বংস করতে পারে, তাহলে তারা এই দেশটাকেও লুটেপুটে খাবে। আমরা কোনোভাবেই এই দেশকে লুটেপুটে খেতে দেব না।”

নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, “বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় আমরা তারেক রহমানের পাশে থাকব। জনগণের জানমালের কোনো ক্ষতি হতে দেব না। নারায়ণগঞ্জের জনগণের যেকোনো সমস্যায় আমরা তাদের পাশে থাকব। কোনো গডফাদারের নারায়ণগঞ্জ হতে দেব না এটাই আজকের আমাদের শপথ।”

সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে ও আবু আল ইউসুফ খান টিপুর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজিব, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, আনোয়ার হোসেন আনু ও ফতেহ রেজা রিপন, আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট রফিক আহমেদ, ডা. মজিবুর রহমান, মাসুদ রানা ও বরকত উল্লাহ।

এ ছাড়া উপস্থিত ছিলেন মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, বন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক রানা, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর খান চঞ্চল, সাংগঠনিক সম্পাদক নাজমুল হক, মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না, গোগনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তার হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন মিয়াজী, আলীরটেক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সদর থানা তাঁতী দলের সভাপতি মো. শাহাবুদ্দিন ও সাধারণ সম্পাদক মাহবুব রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মিলাদ ও দোয়া মাহফিলে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশবাসীর মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয়।

বাংলাদেশ সময়: ২৩:১৯:০৯   ৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান মহানগর বিএনপির
গোপালগঞ্জে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে জনগণের সহযোগিতা চাইলেন আইজিপি
নাশকতাকারীদের পুলিশের হাতে তুলে দেওয়ার আহ্বান পরিবেশমন্ত্রীর
শেখ হাসিনার মতো গুম-খুনের রাজনীতি করতে চাই না : রিজভী
জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা
চট্টগ্রামকে আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্র করতে চায় সরকার : অর্থমন্ত্রী
দিনাজপুরে কৃষকদের মধ্যে সরিষা বীজ ও সার বিতরণ সমাজকল্যাণমন্ত্রীর
অপশক্তির অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা কখনও সফল হবে না : জনপ্রশাসন প্রতিমন্ত্রী
​অবশেষে সরিষাবাড়ীতে জমির দখল ফিরে পেলেন আব্দুর রাজ্জাক
দোলনের ৭ দিন, সাবেক সচিব ও অভিনেতা তমালের ৪ দিনের রিমান্ড

News 2 Narayanganj News Archive

আর্কাইভ