![]()
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নের চাপুলিয়া গ্রামের কৃতিসন্তান অ্যাডভোকেট মোহাম্মদ হাসিবুর রহমান বাংলাদেশ সরকারের ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে মনোনীত হয়েছেন। দেশের সর্বোচ্চ আদালতে রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ আইন কর্মকর্তার দায়িত্ব লাভের মধ্য দিয়ে তিনি শুধু আলফাডাঙ্গাই নয়, সমগ্র ফরিদপুর জেলার জন্যও গৌরব বয়ে এনেছেন। তাঁর এ অর্জনে এলাকাজুড়ে আনন্দ, গর্ব ও উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে।
১৯৮০ সালের ১০ আগস্ট টগরবন্দ ইউনিয়নের চাপুলিয়া গ্রামে তার জন্ম। তিনি মোহাম্মদ আকবর হোসেনের পুত্র। শৈশব থেকেই মেধা, অধ্যবসায় ও ন্যায়নিষ্ঠার পরিচয় দিয়ে তিনি নিজেকে গড়ে তোলেন। সেই অধ্যবসায় ও কঠোর পরিশ্রমই তাঁকে দেশের আইন অঙ্গনের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্বে অধিষ্ঠিত করেছে।
২০০৮ সালের ২২ অক্টোবর তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। এরপর থেকে সততা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে সুপ্রিম কোর্টে আইন পেশায় নিয়োজিত রয়েছেন। সাংবিধানিক, দেওয়ানি ও ফৌজদারি বিভিন্ন বিষয়ে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা ও সাফল্য তাঁকে আইনজীবী মহলে একজন দক্ষ ও নির্ভরযোগ্য আইনজীবী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
সম্প্রতি সরকারের জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। নতুন দায়িত্বে তিনি সুপ্রিম কোর্টে রাষ্ট্রের পক্ষে গুরুত্বপূর্ণ মামলা পরিচালনা, সরকারের আইনগত স্বার্থ সংরক্ষণ এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
পারিবারিক জীবনেও তিনি সফল ও প্রতিষ্ঠিত। তার সহধর্মিণী নার্গিস ইসলাম বর্তমানে আইন মন্ত্রণালয়ে জেলা জজ হিসেবে কর্মরত রয়েছেন। তাঁদের একমাত্র কন্যা তাসনিম আয়মান সাবা ঢাকা মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী এবং একমাত্র পুত্র হাসনাইন দাইয়ান তাসিব বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে মনোনীত হওয়ায় সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় অ্যাডভোকেট মোহাম্মদ হাসিবুর রহমান বলেন, রাষ্ট্র আমার ওপর যে দায়িত্ব অর্পণ করেছে, তা সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে পালনের সর্বোচ্চ চেষ্টা করব। সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।
এ নিয়োগে সন্তোষ প্রকাশ করেছেন টগরবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিয়া আসাদুজ্জামান। তিনি বলেন, আলফাডাঙ্গার একজন কৃতী সন্তান দেশের এমন মর্যাদাপূর্ণ দায়িত্ব পাওয়ায় আমরা গর্বিত। তাঁর এই অর্জন এলাকার শিক্ষার্থী ও তরুণদের উচ্চশিক্ষা এবং আইন পেশায় এগিয়ে যেতে নতুন অনুপ্রেরণা জোগাবে।
ফরিদপুরের আইনজীবী অ্যাডভোকেট হেমায়েত হোসেন বলেন, অ্যাডভোকেট মোহাম্মদ হাসিবুর রহমানের দীর্ঘদিনের পেশাগত অভিজ্ঞতা, সততা ও দক্ষতার যথাযথ মূল্যায়ন হয়েছে। নতুন দায়িত্বে তিনি রাষ্ট্রের আইনগত স্বার্থ সংরক্ষণ এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অ্যাডভোকেট মোহাম্মদ হাসিবুর রহমানের এই অর্জনে আলফাডাঙ্গা উপজেলার সর্বস্তরের মানুষ, বিশেষ করে টগরবন্দ ইউনিয়ন ও চাপুলিয়া গ্রামের বাসিন্দাদের মধ্যে আনন্দের বন্যা বয়ে গেছে। সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও আইনজীবী মহলের বিশিষ্ট ব্যক্তিরা তাঁকে অভিনন্দন জানিয়েছেন এবং তাঁর সফলতা ও সুস্বাস্থ্য কামনা করেছেন। স্থানীয়দের বিশ্বাস, তাঁর এই সাফল্য আলফাডাঙ্গার ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে দেশসেবায় আত্মনিয়োগে অনুপ্রাণিত করবে।
বাংলাদেশ সময়: ১৪:৪০:৩৮ ৯ বার পঠিত