![]()
জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলা শাখা ছাত্রলীগের তিন মাস মেয়াদি ৮৩ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে জেলা ছাত্রলীগ। তবে কমিটি ঘোষণার ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই মনিরুজ্জামান আজগর নামে এক যুগ্ম আহ্বায়ক পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়ে আবেদন করেছেন।
শুক্রবার (৩১ জুলাই) রাতে জামালপুর জেলা ছাত্রলীগের সভাপতি খাবীরুল ইসলাম খান ও সাধারণ সম্পাদক নাফিউল করিমের যৌথ স্বাক্ষরে এই আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।
ঘোষিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান ও সুসংগঠিত করার লক্ষ্যে সরিষাবাড়ী উপজেলা ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ পূর্ববর্তী কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একই সাথে আগামী তিন মাসের জন্য ৮৩ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত এই কমিটিতে হৃদয় হাসান লাবলু-কে আহ্বায়ক এবং সজীব হাসান লেমন-কে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।
এদিকে কমিটি প্রকাশের পরদিনই, শনিবার (১ আগস্ট) কমিটির যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান আজগর পদ থেকে অব্যাহতির আবেদন জানান। ব্যক্তিগত, পারিবারিক ও শিক্ষাজনিত কারণ উল্লেখ করে জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর তিনি এই লিখিত আবেদন জমা দেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মনিরুজ্জামান আজগর বলেন, “ব্যক্তিগত, পারিবারিক ও শিক্ষাজনিত ঝামেলার কারণে আমি এই পদে দায়িত্ব পালন করতে পারছি না। তাই স্বেচ্ছায় অব্যাহতি চেয়ে জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর আবেদনপত্র জমা দিয়েছি।”
বাংলাদেশ সময়: ২২:০৮:৩৩ ৩ বার পঠিত