রবিবার, ২ আগস্ট ২০২৬

জাইকার প্রকল্পে জলাবদ্ধতা কমেছে: নাসিক প্রশাসক

প্রথম পাতা » ছবি গ্যালারী » জাইকার প্রকল্পে জলাবদ্ধতা কমেছে: নাসিক প্রশাসক
রবিবার, ২ আগস্ট ২০২৬



জাইকার প্রকল্পে জলাবদ্ধতা কমেছে: নাসিক প্রশাসক

জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) আয়োজিত ইউডিসিজিপি-এর আওতায় কর্মশালা ও পারফরম্যান্স মূল্যায়ন অনুষ্ঠানে অংশ নিয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, জাইকার অর্থায়নে বাস্তবায়িত প্রকল্পের কারণে ভারী বৃষ্টিতেও নারায়ণগঞ্জ শহরের প্রধান সড়কগুলোতে জলাবদ্ধতা হয়নি।

রোববার (২ আগস্ট) কক্সবাজারের হোটেল সিগালে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় নাসিকের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

সাখাওয়াত হোসেন খান বলেন, “কয়েকদিন আগে কক্সবাজার ও চট্টগ্রামে ভারী বৃষ্টিতে অনেক এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সময়ে নারায়ণগঞ্জেও ভারী বৃষ্টি হয়েছে। কিন্তু জাইকার প্রকল্পের কারণে বিবি রোড, স্যার সলিমুল্লাহ রোডসহ শহরের প্রধান কয়েকটি সড়কে কোথাও পানি জমেনি।”

তিনি জানান, জাইকার সহায়তায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে প্রায় ৩২২ কোটি ৫৯ লাখ টাকার উন্নয়নকাজ বাস্তবায়ন করা হয়েছে। বর্তমানে যেসব প্রকল্প চলমান রয়েছে, সেগুলোও নির্ধারিত সময়ের মধ্যে মানসম্পন্নভাবে সম্পন্ন করা হবে।

তিনি বলেন, “চলমান প্রকল্পগুলো আমরা দক্ষতার সঙ্গে বাস্তবায়ন করব। ঠিকাদারদের কাছ থেকে সময়মতো ও মানসম্পন্ন কাজ আদায় করে নেব।”

পারফরম্যান্স মূল্যায়নের প্রসঙ্গে নাসিক প্রশাসক বলেন, “জাইকার মূল্যায়নের ফলাফল কী হবে, তা আমরা এখনো জানি না। তবে আমরা আশাবাদী। যারা সেরা হবে, তাদের অভিনন্দন জানাই।”

তিনি আরও বলেন, “কক্সবাজারে প্রতিদিন বিপুলসংখ্যক পর্যটক আসেন। একইভাবে নারায়ণগঞ্জে প্রতিদিন পার্শ্ববর্তী জেলা থেকে লাখো শ্রমিক বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে কাজ করতে আসেন। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।”

তিনি আশা প্রকাশ করেন, নারায়ণগঞ্জসহ দেশের সব সিটি করপোরেশন আরও দক্ষতার সঙ্গে নাগরিক সেবা নিশ্চিত করে উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যাবে।

বাংলাদেশ সময়: ২৩:৩২:৫২   ৮ বার পঠিত