![]()
বাংলাদেশের সম্ভাবনাময় প্রাণিজ ও কৃষিপণ্যের বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ দেখিয়েছে মালয়েশিয়া। বিশেষ করে বাংলাদেশের বিশ্বখ্যাত ব্ল্যাক বেঙ্গল ছাগলসহ বিভিন্ন প্রাণিজ পণ্য আমদানির বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে দেশটি।
মঙ্গলবার সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আগ্রহের কথা জানান বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ সুহাদা ওসমান।
সাক্ষাৎকালে বাংলাদেশ ও মালয়েশিয়ার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করা এবং মৎস্য, প্রাণিসম্পদ ও কৃষি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে হালাল মাংস রফতানির সম্ভাবনা, প্রাণিজ পণ্যের আন্তর্জাতিক মান নিশ্চিতকরণ, প্রযুক্তি ও জ্ঞান বিনিময়, গবেষণা সহযোগিতা, দক্ষ জনবল উন্নয়ন, বিনিয়োগ বৃদ্ধি এবং কৃষি ও প্রাণিসম্পদভিত্তিক বাণিজ্য সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হয়।
আলোচনায় বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল ছাগল মালয়েশিয়ায় রফতানির সম্ভাবনার বিষয়টি বিশেষ গুরুত্ব পায়। এ লক্ষ্যে প্রাণিস্বাস্থ্য সনদ, হালাল সনদ, কোয়ারেন্টাইন ব্যবস্থা, স্যানিটারি ও ফাইটোস্যানিটারি (এসপিএস) মানদণ্ড এবং বাজার সম্প্রসারণে দুই দেশের সংশ্লিষ্ট সংস্থার মধ্যে সহযোগিতা বাড়ানোর বিষয়ে মতবিনিময় হয়।
এছাড়া, মাছ, মাংস ও দুধসহ অন্যান্য প্রাণিজ পণ্যের রফতানি সম্ভাবনাও আলোচনায় উঠে আসে।
মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, বাংলাদেশ ও মালয়েশিয়ার সুসম্পর্ক কাজে লাগিয়ে মৎস্য, প্রাণিসম্পদ ও কৃষি খাতে যৌথ উদ্যোগ, প্রযুক্তি হস্তান্তর, বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণের ব্যাপক সুযোগ রয়েছে।
তিনি হালাল মাংসের আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের সক্ষমতা বাড়াতে মালয়েশিয়ার অভিজ্ঞতা ও কারিগরি সহযোগিতা কামনা করেন।
বাংলাদেশের কৃষি ও প্রাণিসম্পদ খাতের অগ্রগতির প্রশংসা করে মালয়েশিয়ার হাইকমিশনার বলেন, ব্ল্যাক বেঙ্গল ছাগলসহ সম্ভাবনাময় প্রাণিজ পণ্য ও কৃষিপণ্যের বাণিজ্য সম্প্রসারণে মালয়েশিয়া আগ্রহী।
পাশাপাশি দুই দেশের সরকারি ও বেসরকারি খাতের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা আরও বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।
বাংলাদেশ সময়: ২২:৩৭:৩৯ ৪ বার পঠিত